ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দাবি না মানলে বাংলাদেশ সফরে আসবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সিনিয়র ক্রিকেটারদের ভোটেই নেওয়া হয়েছে সিরিজ বয়কটের সিদ্ধান্ত। তবে বিসিবি বলছে, অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের ব্যাপারে এখনো তারা আশাবাদী। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভেন্যু ও অন্যান্য সুযোগ-সুবিধা দেখার জন্য আজ বাংলাদেশে আসছে সিএর প্রতিনিধিদল।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের খবর, খেলোয়াড়দের সংগঠনের প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসনের সঙ্গে কাল আলোচনায় বসেছিলেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সিএর সঙ্গে খেলোয়াড়দের বৈঠক ভেস্তে যাওয়ার পর করণীয় ঠিক করতেই তাঁদের একসঙ্গে বসা। অন্যান্য বিষয়ের সঙ্গে সেখানে কথা হয় বাংলাদেশ সফর নিয়েও। তাতেই সিদ্ধান্ত হয়েছে—বাংলাদেশ সফর সামনে রেখে ১০ আগস্ট থেকে ডারউইনে শুরু হতে যাওয়া প্রস্তুতি ক্যাম্পে ক্রিকেটাররা যোগ দেবেন। কিন্তু সিএর সঙ্গে ক্রিকেটারদের চুক্তি না হলে বাংলাদেশের উদ্দেশে তাঁরা দেশ ছাড়বেন না। দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করার আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলও হেঁটেছিল এই পথেই।
ঢাকা ও চট্টগ্রামে দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসার কথা। অগ্রবর্তী পর্যবেক্ষক দলের এসে যাওয়ার কথা আজই। প্রথম টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, দুই শহরের হোটেল এবং তিন দিনের প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম ঘুরে দেখবেন তাঁরা।
তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া এলেও প্রস্তুতি ম্যাচটা শেষ পর্যন্ত ফতুল্লায় হবে বলে মনে হয় না। বেশ কয়েক মাস ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকা ফতুল্লা স্টেডিয়ামের অবস্থা গত কয়েক দিনের বৃষ্টিতে আরও খারাপ হয়েছে। প্রস্তুতি ম্যাচটি তাই সেখান থেকে সরিয়ে বিকেএসপিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিসিবি। তবে সিএর পর্যবেক্ষকেরা না আবার ভেবে বসেন, ভেন্যু বদলের কারণ নিরাপত্তাঝুঁকি, সে জন্য প্রয়োজনে তাদের ফতুল্লায় নিয়ে বাস্তব চিত্রটা দেখিয়ে আনা হবে।
অস্ট্রেলিয়ায় খেলোয়াড়দের আলোচনা-সিদ্ধান্ত যে রকমই হোক না কেন, আপাতত বিসিবির চিন্তা সিএর প্রতিনিধিদলের তিন দিনের সফর। কাল প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, ‘আজ (গতকাল) সকালেও যোগাযোগ হয়েছে। প্রতিনিধিদল আসছে, আমরা এটাই জানি।’