চমকে ওঠার মতোই দাবি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারতের সঙ্গে কিনা বাংলাদেশের নাম! কথাটা বললেন মাশরাফি বিন মুর্তজা, ‘এখন বিশ্বে যে দলগুলো ওয়ানডেতে ভালো খেলছে, বাংলাদেশও তাদের একটি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ইংল্যান্ডও এখন ভালো খেলছে, ভারত...। আমরাও ভালো ক্রিকেট খেলছি।’ কোথাও ভুল করছেন না তো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক!
নিশ্চিত হতে পরিসংখ্যান ঘাঁটাঘাঁটি এবং তাতে মাশরাফির কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কাল দুপুরে মাশরাফি যখন কথাটা বললেন, সেখান থেকে পিছিয়ে গেলে নিজেদের সর্বশেষ ১৪টি ওয়ানডেতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ১২টি করে জয়, ভারতের ৯টি, এবং ইংল্যান্ডের ৫টি। সমানসংখ্যক ম্যাচে বাংলাদেশ জিতেছে ১১টি। মাশরাফি তো ওই দাবি করতেই পারেন।
দলকে উজ্জীবিত করতেও ওই পরিসংখ্যানটা ব্যবহার করছেন অধিনায়ক। পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ বিশ্বের সেরা ওয়ানডে দলগুলোর একটি। এখন সেটি মাঠে প্রমাণ করতে হবে। প্রতিপক্ষ ভারত বলে দলের ক্রিকেটারদের মধ্যে বাড়তি একটা রোমাঞ্চ বলে স্বীকার করছেন। তবে অধিনায়কের নিজের চোখে এটা আর দশটা সিরিজের মতোই। বাড়তি গুরুত্ব যদি কিছু থাকে, তা একটা কারণেই। আজ শুরু ভারত ও আগামী মাসের দক্ষিণ আফ্রিকা সিরিজ বাংলাদেশ দলকে দেখাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার হাতছানি।
এই দুই সিরিজের ছয় ম্যাচের দুটিতে জিতলেই পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা প্রায় নিশ্চিত। তবে মাশরাফি চান না এই সমীকরণ চাপ হয়ে দাঁড়াক তাঁর দলের ওপর, ‘এ রকম একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকলে ওই চিন্তাটা মাথায় আসা স্বাভাবিক। তবে এটা কোনো না কোনো সময় অতিরিক্ত চাপ হয়ে দাঁড়াতে পারে। আমার চাচ্ছি, ক্রিকেটাররা এটা নিয়ে না ভাবুক। ম্যাচ ধরে ধরে খেলাই ভালো। কালকের (আজ) ম্যাচটা ভালো হলে পরেরটা নিয়ে চিন্তা করা যাবে।’
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জন্য বড় একটা টার্নিং পয়েন্ট হয়ে এসেছিল ২০০৭ বিশ্বকাপ। মাশরাফিও মনে করেন, প্রথমবারের মতো সুপার এইটে খেলা ওই বিশ্বকাপ থেকেই যেকোনো দলকে হারানোর আত্মবিশ্বাসটার জন্ম। ভারতকে ফেবারিট বলে মেনে নিলেও জয়ের স্বপ্নটা তাই হারিয়ে যাচ্ছে না দৃষ্টিসীমা থেকে, ‘বড় দলের সঙ্গে খেলা হলে স্বাভাবিকভাবে তারাই ফেবারিট থাকবে। কিন্তু এখন আর এটা চিন্তা করি না যে, আমরা তাদের হারাতে পারব না।’
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াও আসছে এ বছর। ওই দুই সিরিজের জন্য আত্মবিশ্বাসটা এই সিরিজেই বাড়িয়ে নিতে চাচ্ছেন অধিনায়ক। তা ছাড়া এটা তো প্রতিশোধেরও একটা সুযোগ! বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারটা নিশ্চয়ই এই সিরিজে তাতিয়ে রাখবে বাংলাদেশের ক্রিকেটারদের। না, মাশরাফির ভাবনাটা একটু ভিন্নই, ‘আমরা মাঠে অবশ্যই যুদ্ধ করি। কিন্তু এটা এমন না যে, আসলেই যুদ্ধ। আমার মনে হয় না, তিন-চার মাস আগের ঘটনা কোনো দলের ক্রিকেটাররা মনে রাখে। ম্যাচে দুর্ঘটনাবশত অনেক কিছুই হতে পারে। আমার মনে হয় না যে এটা নিয়ে গভীরভাবে চিন্তা করার কিছু আছে।’ দর্শকদের প্রতিও তাঁর অনুরোধ, আবেগটাকে বাক্সবন্দী করে শুধু খেলাটাই যেন উপভোগ করেন সবাই।
মাশরাফি যতই খেলাকে ব্যাট-বলে আটকে রাখতে চান, মাঠে টুকরো টুকরো কিছু ‘যুদ্ধ’ তো থাকেই। গত বিশ্বকাপে বিরাট কোহলিকে আউট করার পর রুবেল হোসেনের বুনো উল্লাসটাই মনে করে দেখুন না! যুদ্ধজয়ের আনন্দই কি ছিল না তাতে? মাশরাফির সংবাদ সম্মেলনেও উঠল প্রসঙ্গটা। তবে খেলাটাকে খেলাতেই রাখতে চাইলেন তিনি, ‘সে (রুবেল) যদি পাগলামি করে ভালো বল করে, তাহলে তো আমার আর দলের জন্যও ভালো। তবে আমি চাই না ব্যক্তিগত কোনো আক্রমণ হোক। আর আমি তো রুবেল আর কোহলির মধ্যে কিছু দেখছি না। রুবেল মাত্র একবার কোহলিকে আউট করেছে। আমরা এভাবে প্রশ্ন করে আরও ঝামেলা তৈরি করি। এগুলো না করাই ভালো।’
টেস্টের মতো বৃষ্টির চোখরাঙানি আছে ওয়ানডেতেও। তবে আবহাওয়ার ওপর যেহেতু কারও হাত নেই, এটাকে ভাবনার বৃত্তে আনতে চাচ্ছেন না মাশরাফি। চিন্তার স্রোতে কেবল একটা ব্যাপারই খেলে যাচ্ছে—বিশ্বকাপ আর পাকিস্তান সিরিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে ধোনির দলের বিপক্ষেও, ‘বিশ্বকাপ থেকেই আমরা ভালো ক্রিকেট খেলছি। দলের প্রত্যেকে পারফর্ম করতে মুখিয়ে আছে। এই মুহূর্তে ওরা যে কাউকে চমকে দিতে পারে।’
ওয়ানডেতে বিশ্বের সেরা দলগুলোর চেয়েও বাংলাদেশকে এগিয়ে রেখে যেমন চমকে দিয়েছেন মাশরাফি।