দারুণ জয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। ছবি: এএফপি।
সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। ছবি: এএফপি।

টুর্নামেন্ট শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বাজি ধরার মানুষ হয়তো খুব কমই ছিল। অথচ সেই ওয়েস্ট ইন্ডিজই উঠে গেল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। কাল ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকাকে ১০০ রানে হারিয়ে স্বাগতিকেরা এখন অস্ট্রেলিয়ার মুখোমুখি। আগামীকাল ব্রিজটাউনেই হবে ফাইনাল। 

স্কোরকার্ড বলছে, ম্যাচটা ক্যারিবীয়রা সহজেই জিতেছে। তবে আসলে ব্যবধান যতটা বড় দেখাচ্ছে, তার চেয়েও অনেক বড় হতে পারত। ওয়েস্ট ইন্ডিজের ২৮৫ রান তাড়া করে ১৩৪ রানেই ৯ উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। শেষ উইকেটে ইমরান তাহির ও মরনে মরকেল শুধু হারের ব্যবধানই কমিয়েছেন।
দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই কাল হোঁচট খেয়েছে। ১৬ রানে শ্যানন গ্যাব্রিয়েলের বলে ফিরে গেছেন কুইন্টন ডি কক। এরপর বাকিরা শুধু যাওয়া–আসার মিছিলে ছিলেন। ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। জেপি ডুমিনি, ক্রিস মরিসরাও এরপর এক অঙ্কের ঘরেই ফিরে গেছেন। ৬৪ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল আফ্রিকা, ম্যাচ আসলে ওখানেই শেষ।
এরপর ফারহান বেহারডিয়েনও অবশ্য বেশিক্ষণ টেকেননি, পারনেলের সঙ্গে সপ্তম উইকেটে ৩১ রানের জুটি গড়ে আউট হয়ে গেছেন। তবে তাঁর ৩৫ রানই দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি ৫১ রান এসেছে শেষ উইকেট জুটিতে। মরকেল (৩২*) ও তাহির (২৯) দুজনেই ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ স্কোর করেছেন। কিন্তু দিন শেষে সেটা শুধু সান্ত্বনাই হয়ে থেকেছে। ৩ উইকেট করে নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল ও সুনীল নারাইন। কার্লোস ব্রাফেট নিয়েছেন ২ উইকেট।
তবে ম্যাচের আসল নায়ক এঁদের কেউই নন, বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। টেস্ট খেলার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি, অথচ কাল খেললেন টি-টোয়েন্টির মেজাজেই। ৯৯ বলেই পেয়ে গেছেন ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি, শেষ পর্যন্ত আউট হয়েছেন ১০২ রানে। তার আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে টেনে তোলার কাজটা করে ফেলেছেন।
২১ রানেই ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ খাবি খাচ্ছিল। সেখান থেকে কাইরন পোলার্ডকে নিয়ে হাল ধরেছেন ব্রাভো। পঞ্চম উইকেটে দুজনের ১৫৬ রানের জুটিতেই ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়িয়েছে। তবে ব্রাভোর কাছ থেকে একটা ধন্যবাদ পাওনা ওয়েইন পারনেলের। নিজের ১১ রানের সময় পারনেল ক্যাচ মিস করে ছয় বানিয়ে না দিলে ম্যাচের গল্পটা অন্য রকমও হতে পারত। শেষ দিকে হোল্ডার (৪০) ও ব্রাফেটের (৩৩*) জন্য রান ২৮৫ হয়েছে স্বাগতিকদের। ১০২ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন ব্রাভোই।