দারুণ জয়ে ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ফ্রেমে বাংলাদেশের জয়ের তিন নায়ক। রুবেলের বলে ছত্রখান হাশিম আমলার স্টাম্প, সতীর্থের কাঁধে চড়ে বসলেন নাসির। উদ্‌যাপনের আরেক সঙ্গী সৌম্যর ব্যাটেই শেষে বাংলাদেশ দেখল জয়ের হাসি l ছবি: শামসুল হক
এক ফ্রেমে বাংলাদেশের জয়ের তিন নায়ক। রুবেলের বলে ছত্রখান হাশিম আমলার স্টাম্প, সতীর্থের কাঁধে চড়ে বসলেন নাসির। উদ্‌যাপনের আরেক সঙ্গী সৌম্যর ব্যাটেই শেষে বাংলাদেশ দেখল জয়ের হাসি l ছবি: শামসুল হক

ডিপ মিড উইকেট দিয়ে ইমরান তাহিরকে তুলে মারলেন সৌম্য সরকার। ফিল্ডার ক্যাচের চেষ্টা করলেও বল তাঁর হাতে লেগে গিয়ে পড়ল সীমানাদড়িতে। ছক্কা! মুঠোয় ধরা দিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বহুকাঙ্ক্ষিত জয়। কিন্তু তাৎক্ষণিক কোনো উদ্যাপনে মাতলেন না সৌম্য আর তাঁর সঙ্গী সাকিব আল হাসান। দুজনে আলিঙ্গন করলেন একবার, সৌম্য তুলে নিলেন একটা স্টাম্প। এই তো!
ঈদ শপিং, নাকি ক্রিকেট? সাম্প্রতিক সন্ধ্যাগুলোকে দ্বিধায় ফেলে দিচ্ছিল প্রশ্নটা। টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতার ধারাবাহিকতা প্রথম ওয়ানডেতেও বজায় থাকায় অনেকে তো সমস্যার সমাধানও পেয়ে গেলেন। নাহ্, ঈদের আগে আর ক্রিকেট নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ কী করবে, সে তো বোঝাই যাচ্ছে। কাল দ্বিতীয় ওয়ানডের শুরুর দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ফাঁকা গ্যালারিও দিচ্ছিল ওই বার্তাই।
সন্ধ্যার পর সেই গ্যালারি হঠাৎই ভরে উঠতে লাগল! তখনই যে উঁকি দিতে শুরু করেছে জয়ের সম্ভাবনা। বদলে যাওয়ার উপলক্ষ তৈরি হলো সিরিজের রংটাও। দক্ষিণ আফ্রিকা অলআউট ১৬২ রানে, এই ম্যাচ বাংলাদেশ না জেতে কীভাবে! শেষ পর্যন্ত প্রত্যাশা আর প্রাপ্তি মিলে গেল এক মোহনায়। ম্যাচের ২৮ তম ওভারেই ৭ উইকেটের একপেশে জয় নিশ্চিত করে মাশরাফি বিন মুর্তজার দল শুধু সিরিজেই ফিরল না, নিশ্চিত করে ফেলল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও।
কিন্তু কে জেতাল বাংলাদেশকে? কী এমন জাদু, যা বদলে দিল বাংলাদেশ দলকে? নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের নিয়ন্ত্রিত বোলিং? নাকি মাশরাফি বিন মুর্তজার বিচক্ষণ অধিনায়কত্ব, আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে প্রোটিয়াদের চেপে ধরা! কিংবা ব্যাট হাতে সৌম্য সরকার, মাহমুদউল্লাহর সাহসী উপস্থিতি?
২০০৭ বিশ্বকাপের পর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে আনার কৃতিত্ব আসলে পুরো দলেরই। সেবার গায়ানায় বাংলাদেশের ২৫১ রানের জবাবে ১৮৪ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এত দিন বাংলাদেশের বিপক্ষে এটাই ছিল তাদের সর্বনিম্ন সংগ্রহ। কাল ১৬২ রানে অলআউট হয়ে আরও তলিয়ে গেল সেই ‘রেকর্ড’। ওয়ানডে ক্রিকেটেই ২০০৯ সালের পর প্রথমে ব্যাট করে এটা দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম রান।
টি-টোয়েন্টি আর প্রথম ওয়ানডেতে বাংলাদেশ চেয়েছিল প্রোটিয়া ব্যাটসম্যানদের স্পিনে আটকাতে। তাতে সাফল্য না আসায় ছক বদলে কাল ব্যাটিং উইকেট পেতে দেওয়া হলো মিরপুরে। ভাবটা এমন—যত পারো রান করো, আমরাও আছি...। কিন্তু কী বিস্ময়! হাশিম আমলা, ডেভিড মিলাররা সে উইকেটেই মাথা ঠুকে মরলেন! ব্যাটিং উইকেটেও তাঁরা পারলেন না বাংলাদেশের মাথার ওপর রানের পাহাড় তুলে দিতে। ম্যাচ শেষে অবশ্য প্রোটিয়া ব্যাটসম্যানদের মাথার ওপর ছাতা ধরলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফিই, ‘এই উইকেটে ব্যাটিং করা কিন্তু খুব সহজ ছিল না। বল মাঝে মাঝেই একটু থেমে আসছিল।’
আসলে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের যতটা না ব্যর্থতা, তার চেয়ে বেশি কৃতিত্ব বাংলাদেশের বোলারদেরই। ভারত সিরিজে বিস্ময় বালক হিসেবে আবির্ভূত বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের অফ কাটার এবার প্রোটিয়াদের জন্যও দুর্বোধ্য হয়ে গেল। তাঁর হঠাৎ দেওয়া ইয়র্কারগুলো ছুরির ফলার মতো নেমে আসছিল ব্যাটের গোড়ায়। ফ্যাফ ডু প্লেসি যা একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করলেন, তাঁকেও থামিয়ে দিলেন নাসির হোসেন। আর রুবেল তো বরাবরের মতোই প্রত্যয়ী। সিরিজে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা এই পেসারের নিখুঁত লাইন-লেংথের সামনে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের একটু দিশেহারাই লাগল।
বাংলাদেশের যেমন মুস্তাফিজ, দক্ষিণ আফ্রিকারও আছেন কাগিসো রাবাদা। আরও একবার বাংলাদেশের শুরুটা কাঁপিয়ে দিলেন অভিষেকে ৬ উইকেট পাওয়া এই পেসার। নিজের প্রথম বলেই বোল্ড করলেন তামিম ইকবালকে। দলের ২৪ রানের সময় গুড লেংথের বলে স্টাম্প ভেঙে দিলেন লিটন দাসেরও। তবে রাবাদাকে থেমে যেতে হয়েছে ওখানেই। ম্যাচের বাকি গল্পটা সৌম্য আর মাহমুদউল্লাহর যুগল হাতে লেখা।
তৃতীয় উইকেটে দুজনের ১৩৫ রানের জুটিতে জয়ের একেবারে দুয়ারে পৌঁছে গেল বাংলাদেশ। কিন্তু মাহমুদউল্লাহ জয় নিয়ে ফেরায় সৌম্যর সঙ্গী হতে পারলেন না অ্যাবটের বলে শর্ট মিড উইকেটে আমলার ক্যাচ হয়ে যাওয়ায়। এর আগেই অবশ্য ফিফটি হয়ে গেছে তাঁর। সৌম্যর হয়ে গেছে আরও আগেই। অপরাজিত ৮৮ রানের ইনিংসের শেষ আকর্ষণটা হলো ইমরান তাহিরকে স্লগ সুইপে মারা জয়সূচক ওই ছক্কা।
ম্যাচ জয়ের আরও অনেক নায়কের ভিড়ে সৌম্যর মাথাটা উঁচু করে দিল স্বপ্নের ওই সমাপ্তি। দলের প্রতিনিধি হয়ে এটাও যেন জানিয়ে দিলেন, ভারত-পাকিস্তান বলে কথা নেই, বাঘের গর্জন এখন শুনতে হবে বাংলাদেশের যেকোনো প্রতিপক্ষকেই।

দক্ষিণ আফ্রিকা: ৪৬ ওভারে ১৬২
বাংলাদেশ: ২৭.৪ ওভারে ১৬৭/৩
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।