দারুণ জয়ে শীর্ষে রূপগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত সেঞ্চুরি করে রূপগঞ্জকে জেতালেন পবন নেগি। ছবি: ফাইল ছবি।
দুর্দান্ত সেঞ্চুরি করে রূপগঞ্জকে জেতালেন পবন নেগি। ছবি: ফাইল ছবি।

ভিক্টোরিয়ার ২৫৮ রানের জবাবে শুরুটা যাচ্ছেতাই হয়েছিল লিজেন্ড অব রূপগঞ্জের। ৮৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর খুব কম দলই জয়ের স্বপ্ন দেখতে পারে। কিন্তু ভারতের হয়ে একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলা পবন নেগি রূপগঞ্জকে সেই স্বপ্ন দেখিয়ে সেটিকে বাস্তবও করে তুললেন। তাঁর অনন্য এক সেঞ্চুরিতে ভর করেই ফতুল্লায় শ্বাসরুদ্ধকর ম্যাচে ভিক্টোরিয়াকে ২ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ।
চতুরাঙ্গা ডি সিলভার দুর্দান্ত বোলিংয়ে দ্রুতই পথ হারিয়ে ফেলা রূপগঞ্জকে পথে ফেরান এই নেগি। সপ্তম উইকেট জুটিতে রূপগঞ্জ অধিনায়ক মোশাররফ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি গড়েন ১৪৮ রানের জুটি। নেগির ৮৯ বলে ১২৪ রানের ইনিংসে ছিল ১৩ চার ও ৪ ছয়ের মার। মোশাররফের ব্যাট থেকে আসে ৪১ রান।
ডি সিলভা ৪৬ রানে নিয়েছেন ৫ উইকেট। এ ছাড়া কামরুল ইসলাম রাব্বী, আল আমিন ও সোহরাওয়ার্দী—প্রত্যেকেই নিয়েছেন ১টি করে উইকেট। মাহবুবুল আলমের আক্ষেপ হতেই পারে। ব্যক্তিগত ৯৭ রানের মাথায় তাঁকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন নেগি। কিন্তু মাহবুব সেটা ধরতে পারেননি।
দুর্দান্ত এই জয়ে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল রূপগঞ্জ।