কাল রাঁচিতে কি দুটো ভিন্ন উইকেটে খেলা হলো? না হলে মহেন্দ্র সিং ধোনি এভাবে ব্যাট করবেন কেন!
একটু আগেই যে পিচে দুর্দান্ত ব্যাটিং করলেন কোহলি, যে পিচে একের এক শট খেললেন রাহানে, সেখানে ধোনিকে দেখে মনে হচ্ছিল উইকেটে মাইন পোঁতা। নিজের শহরে ব্যাটিং-ব্যর্থতার শেষে হারের হতাশা নিয়ে ফিরলেন ধোনি। চতুর্থ ওয়ানডেতে ভারতকে ১৯ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা।
অথচ উপলক্ষটা কী দারুণই না ছিল ধোনির জন্য। দলের সূচি ও পারিপার্শ্বিকতা মিলিয়ে রাঁচিতে এটাই হয়তো ধোনির শেষ ম্যাচ ছিল। কিন্তু সে ম্যাচে ৩১ বলে ১১ রানের ভুলে যাওয়ার মতো এক ইনিংস খেললেন, তাঁর দলও হেরে গেল একটুর জন্য। অথচ প্রথম ২৫ ওভারে ভারতের জয়টাই অবশ্যম্ভাবী মনে হচ্ছিল। কোহলি ও রাহানের ব্যাটে ২৬১ রানের লক্ষ্যটাকে মামুলি মনে হচ্ছিল। কিন্তু এরপরই ম্যাচে ফিরে আসে নিউজিল্যান্ড। মাত্র ৩৯ রানে ৫ উইকেট তুলে নিয়ে ভারতের মিডল অর্ডারকে ধসিয়ে দেয় তারা।
এর আগে নিউজিল্যান্ড ইনিংসের শুরুতে ঝড় তুলেছিলেন গাপটিল ও ল্যাথাম। তখন উইকেটকে ব্যাটিং-স্বর্গ বলেই মনে হচ্ছিল। সাড়ে তিন শ ধরা হচ্ছিল সম্ভাব্য স্কোর। কিন্তু এ দুজন ফিরতেই রানের গতি কমে যায়, পিচ নিয়ে ভুলটাও ভাঙে। ভারতীয় বোলাররাও টেনে ধরেন রাশ। তবে রস টেলর ও কেন উইলিয়ামসনের ছোট দুটি ইনিংসে নিউজিল্যান্ড পায় লড়াই করার পুঁজি। টিম সাউদি ও জিমি নিশামরা একেই জয়ের জন্য যথেষ্ট প্রমাণ করেছেন। ক্রিকইনফো, স্টার স্পোর্টস।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৬০/৭ (গাপটিল ৭২, উইলিয়ামসন ৪১, ল্যাথাম ৩৯, টেলর ৩৫; মিশ্র ২/৪২, পান্ডিয়া ১/৩১, অক্ষর ১/৩৮, কুলকার্নি ১/৫৯, যাদব ১/৬০)। ভারত: ৪৮.৪ ওভারে ২৪১ (রাহানে ৫৭, কোহলি ৪৫, অক্ষর ৩৮, কুলকার্নি ২৫*; সাউদি ৩/২৬, নিশাম ২/৩৮, বোল্ট ২/৪৮, স্যান্টনার ১/৩৮, সোধি ১/৫২)।
ফল: নিউজিল্যান্ড ১৯রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মার্টিন গাপটিল।