দীপাবলির রাত। বাতাসে উৎসবের মৌতাত। নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ জিতে উৎসবের এই রাতকে ভারতের জন্যই রঙিন করল কাল মহেন্দ্র সিং ধোনির দল। বিশাখাপত্তনমে সিরিজ নির্ধারণী পঞ্চম ম্যাচে ভারত এমনই বিধ্বংসী এক জয় পেয়েছে, সেটি শেষ হয়ে গেছে নির্ধারিত সময়ের ঘণ্টা দুয়েক আগেই! ভারতের ২৬৯ রানের জবাবে নিউজিল্যান্ড মাত্র ২৩.১ ওভারে অলআউট ৭৯ রানে। ১৯০ রানের জয়ে ভারত সিরিজও জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে।
বিশাখাপত্তনমের মন্থর উইকেটে ভারতকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন রোহিত শর্মা। পুরো সিরিজে তাঁর সর্বোচ্চ স্কোর ১৫, কাল মনে হচ্ছিল ১১তম ওয়ানডে সেঞ্চুরি পেয়েই যাবেন। শেষ পর্যন্ত আউট হয়ে গেছেন ৭০ রানে। ততক্ষণে ভারত ২ উইকেট হারিয়ে করে ফেলেছে ১১৯ রান। এরপর কোহলি ও ধোনি যেভাবে ব্যাট করছিলেন তাতে ৩০০ রানে পৌঁছে যাওয়ারই ইঙ্গিত ছিল। কিন্তু কোহলি-ধোনি কেউই ইনিংসটা খুব বড় করতে পারেননি। শেষ ১০ ওভারে কিউই বোলাররা দিয়েছেন ৭০ রান, ভারত করেছে ২৬৯।
সেই রানটাই নিউজিল্যান্ডের জন্য এভারেস্ট হয়ে গেছে। শূন্য রানেই ফিরে গেছেন গাপটিল। এরপর উইলিয়ামসন-টেলর মিলে একটু আশা দেখাচ্ছিলেন। কিন্তু দলের ৬৩ রানে উইলিয়ামসনের বিদায়ের পর হুড়মুড় করে ভেঙে পড়েছে কিউই ব্যাটিং। তারা শেষ ৮ উইকেট হারিয়েছে মাত্র ১৬ রানে। ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা অমিত মিশ্র, সিরিজ-সেরাও এই লেগ স্পিনারই। ওয়ানডেতে নিউজিল্যান্ড এই প্রথম এত কম বল খেলে অলআউট হলো। সূত্র: স্টার স্পোর্টস।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৬৯/৬ (রোহিত ৭০, কোহলি ৬৫, ধোনি ৪১; কেদার ৩৯*; সোধি ২/৬৬)।
নিউজিল্যান্ড: ২৩.১ ওভারে ৬৯ (উইলিয়ামসন ২৭, মিশ্র ৫/১৮)।
ফল: ভারত ১৯০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ: অমিত মিশ্র।