দারুণ জয়ে সিরিজে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকাকে রানআউট করে দিলেন লতা মন্ডল। হাতছোঁয়া দূরত্বে চলে এল জয়টাও। লতা-জাহানারা-সালমাদের উচ্ছ্বাস অটুট থাকল ম্যাচ শেষেও। কাল কক্সবাজারে l প্রথম আলো
দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকাকে রানআউট করে দিলেন লতা মন্ডল। হাতছোঁয়া দূরত্বে চলে এল জয়টাও। লতা-জাহানারা-সালমাদের উচ্ছ্বাস অটুট থাকল ম্যাচ শেষেও। কাল কক্সবাজারে l প্রথম আলো

‘ওহ...!’—কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারিতে ওঠা দীর্ঘশ্বাসটা স্টেডিয়াম-ঘেঁষা ঝাউবান পেরিয়ে মিলিয়ে গেল যেন সমুদ্রে। এটা কী করলেন সানজিদা ইসলাম!

বাংলাদেশের দরকার ১ উইকেট আর প্রোটিয়াদের ২২ রান। বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ানো ডেন ফন নিকার্ককে ফেরাতে পারলেই জয়। কিন্তু প্রোটিয়া অধিনায়কের সহজ ক্যাচটা হাতে জমাতে পারেননি সানজিদা। গত ম্যাচের মতোই তাহলে মুঠো গলে বেরিয়ে যাবে জয়? ওয়েলিংটন টেস্টে মুশফিকদের হারের পর মেয়েরাও হতাশার দিনলিপি লিখবেন? ৯৬ রানে ৯ উইকেট ফেলে দেওয়ার পরও বাংলাদেশকে জ্বালাচ্ছিল দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট জুটি, স্কোরবোর্ডে উঠে গিয়েছিল আরও ৩০ রান। আরেকটু থাকতে পারলেই তো দলকে তাঁরা লক্ষ্যে পৌঁছে দেবেন! অবশেষে মার্সিয়া লেতসোয়ালোকে বোল্ড করে ৩২তম ওভারে স্বস্তির জয় আনলেন সালমা খাতুন। প্রোটিয়াদের ১০ রানে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের ফল এখন ২-১। সিরিজ জিততে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে বাকি দুই ম্যাচে।

বাংলাদেশকে ভালো শুরু এনে দেন শারমিন সুলতানা ও শারমিন আক্তার। তাঁদের ওপেনিং জুটিতে আসে ৪২ রান। ৫ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনারই। কিন্তু তৃতীয় উইকেটে রুমানা আহমেদ-সানজিদা ইসলামও গড়েন ৪২ রানের জুটি। কিন্তু লুসের বলে রুমানা বোল্ড হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ৩ উইকেটে ১০৪ থেকে ১৩৬ রানে অলআউট বাংলাদেশ। শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ৩২ রানে!

মন্থর-টার্নিং উইকেট কাজে লাগিয়ে বাংলাদেশের বোলাররা প্রোটিয়া ব্যাটারদের কাজটা করে দিয়েছিলেন কঠিন। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন খাদিজাতুল কুবরা। কাল ছাড়িয়ে গেছেন সেটিকেও, ৩৩ রানে নিয়েছেন ৪ উইকেট। ১৫তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে লুস ও জাফতাকে আউট করে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে যান খাদিজা। শেষ পর্যন্ত হ্যাটট্রিক হয়নি, তবে ওই ওভারেই উঁকি দিতে শুরু করে জয়। ৫ উইকেটে ৬৭ রান মুহূর্তেই ৭ উইকেটে ৬৭ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার স্কোর। ৬০ থেকে ৬৭—এই ৭ রানের মধ্যেই আসলে ৪ উইকেট হারায় তারা। অষ্টম উইকেটে ২০ রানের জুটি গড়ে প্রোটিয়ারা। আয়াবঙ্গা খাকাকে রান আউট করে স্বস্তি এনে দেন লতা মন্ডল। খাদিজা দ্রুত অডিন কারস্টেনকে ফেরালে জয় থেকে বাংলাদেশ ১ উইকেট আর দক্ষিণ আফ্রিকা ৪১ রান দূরে। কিন্তু ‘বেয়াড়া’ ফন নিকার্ক যখন একাই দলকে জয়ের প্রান্তে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন, তখনই ক্যাচ ফসকান সানজিদা! সেই স্নায়ুক্ষয়ী অপেক্ষাটা ফুরিয়েছে সালমার হাত ধরে।

আগের ম্যাচে অসাধারণ বোলিং করেও দল হারায় মনটা বিষাদে ছেয়ে গিয়েছিল খাদিজার। কিন্তু কাল ম্যাচ শেষে তাঁর মুখে খুশির আভা, ‘বলেছিলাম আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াব। সেটা পেরেছি। আমার এই পারফরম্যান্স উত্সর্গ করছি আশিক স্যারকে (সহকারী কোচ আশিকুর রহমান), আমার জন্য তিনি অনেক কষ্ট করেছেন।’

দলের রান বেশি না হলেও অধিনায়ক রুমানা অবশ্য কখনোই আশা হারাননি, ‘শুরুতেই বুঝেছি এই উইকেটে ব্যাটিং করা সহজ নয়। আয়ারল্যান্ডে (গত সেপ্টেম্বরে) আমরা লো স্কোরিং ম্যাচে জিতেছিলাম। আত্মবিশ্বাস ছিল এবারও পারব।’

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৯ ওভারে ১৩৬ (রুমানা ২৮, শারমিন সুলতানা ২১, নিগার ২১, শারমিন আক্তার ১৭, সানজিদা ১৬; কাপ ২/১৮, ফন নিকার্ক ২/১৮, লুস ২/১৯)।

দক্ষিণ আফ্রিকা: ৩১.২ ওভারে ১২৬ (লি ৪৬, ফন নিকার্ক ৪২*, ডু প্রিজ ৮; খাদিজা ৪/৩৩, জাহানারা ২/২১, পান্না ২/২৫, সালমা ১/১৯)।

ফল: বাংলাদেশ ১০ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ: খাদিজাতুল কুবরা।