দারুণ জয়েও প্রশ্নের কাঁটা

ব্যাটসম্যানদের বারবার ধন্যবাদ জানাচ্ছেন। স্কটল্যান্ডকে ২৮০-২৯০ রানের মধ্যে আটকে রাখতে না পারার জন্য বোলারদের পক্ষ থেকে দায় নিচ্ছেন। ৩১৮ হয়ে যাওয়ার পরও যেভাবে বাংলাদেশ জিতেছে, সে জন্য ব্যাটসম্যানদের প্রশংসা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলছেন। অধিনায়ককে এমনই হতে হয়।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বগুণ নিয়ে কখনোই কোনো প্রশ্ন ছিল না। দীর্ঘ মেয়াদে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা হয়নি শুধুই নাছোড়বান্দা চোটের কারণে। কিন্তু কাল যে একাদশ নিয়ে মাঠে নেমে এমনকি স্কটল্যান্ডকেও চমকে দিয়েছেন, সেটি নিয়ে অবশ্যই প্রশ্ন আছে।
জয় নাকি সব প্রশ্নকেই ধুয়েমুছে নিয়ে যায়। তবে এখানে প্রশ্নটা এত বড় যে, এমন দুর্দান্ত একটা জয়ও সেটিকে চাপা দিতে পারছে না। বিশ্বকাপের ফিকশ্চার চূড়ান্ত হওয়ার দিন থেকেই সবার জানা, যতই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে খেলা হোক, স্কটল্যান্ড-ইংল্যান্ডের বিপক্ষে স্পিনই হবে বাংলাদেশের মূল অস্ত্র। এই ম্যাচের আগের দুই-তিন দিনও মাশরাফি বলে এসেছেন, স্কটিশরা স্পিনে দুর্বল। অথচ বাংলাদেশ মাঠে নামল কিনা একজন মাত্র বিশেষজ্ঞ স্পিনার নিয়ে!
স্পিনার হিসেবে সাকিব বিশ্বমানের। তবে তাঁকে শুধু বিশেষজ্ঞ স্পিনার বলাটা তো অন্যায়। সাকিব দলে আসতে পারেন শুধু ব্যাটসম্যান হিসেবেও। তার মানে এই ম্যাচে বাংলাদেশ শুধুই স্পিনার হিসেবে কাউকেই দলে নেয়নি! ২০১১ বিশ্বকাপে স্পিনারকে নিয়ে বোলিং শুরু করানোটা যেখানে নিয়মে পরিণত হয়েছিল, এই বিশ্বকাপে কোনো দল সেই সাহস দেখাতে পারেনি। কাল বাংলাদেশ তা দেখাল। মাশরাফির সঙ্গে নতুন বলে বোলিং শুরু করলেন সাকিব এবং যথারীতি দুর্দান্ত করলেন। যেটি আরও বড় করে তুলল প্রশ্নটা—তাইজুল ইসলাম ও আরাফাত সানি দুজনই এই ম্যাচেও কেন বাইরে?
ম্যাচের আগের দিন বিকেল পর্যন্তও চূড়ান্ত হয়ে ছিল, মুমিনুলের জায়গায় খেলবেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। সেটির বদলে মুমিনুলের জায়গায় নাসির হোসেন হয়ে যাওয়ার যুক্তি খুঁজে পাওয়া কঠিন। তা কঠিন হয়ে গেল বাংলাদেশের অনিয়মিত স্পিনারদের বোলিংয়ে। মাহমুদউল্লাহ, নাসির ও সাব্বির মিলে ১৭ ওভার বোলিং করে গড়ে ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৩৫। উইকেটও নিয়েছেন ৩টি। যেখানে শুধুই বোলার হিসেবে দলে আসা তিন পেসারের কেউই ১০ ওভার করেননি। মাইকেল হোল্ডিং যাতে মোটেই আশ্চর্য নন। একটি ওয়েবসাইটে জোনাথন ট্রটের সঙ্গে এই ম্যাচ নিয়ে আলোচনায় সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার বাংলাদেশের পেসাররা খারাপ করেছেন বলেই মানতে চাইলেন না, ‘ওদের কী করার আছে? এই উইকেটে পেস বোলারদের জন্য কিছুই ছিল না। না বাউন্স, না সুইং।’
ব্যাটিং স্বর্গ এই উইকেটে পেসারদের বল বরং ব্যাটসম্যানদের পছন্দমতো ব্যাটে এসেছে। বলের গতি কাজে লাগিয়ে মারতেও সুবিধা হয়েছে। স্পিনারদের মারাটা যেখানে একটু হলেও বেশি কঠিন ছিল। স্কটল্যান্ডের অফ স্পিনার মাজিদ হককেও তো সমীহ করে খেলতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। এমন ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের মধ্যেও মাজিদের ১০ ওভারে রান এসেছে মাত্র ৪৯।
ওয়ানডেতে বেশির ভাগ দলই চারজন নিয়মিত বোলার নিয়ে খেলে। কিন্তু দলে একজন বিশ্বমানের অলরাউন্ডার থাকলে সংখ্যাটা অনায়াসে পাঁচ করে নেওয়া যায়। বাংলাদেশের সাকিব আছে, উইকেটকিপার মুশফিক সাম্প্রতিক অতীতে দলের সেরা ব্যাটসম্যান। এমন দুজন ‘অলরাউন্ডার’কে পাওয়ার ভাগ্য করেও বাংলাদেশ কিনা স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে পঞ্চম বোলার না নিয়ে একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাল! মাশরাফি অবশ্য একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। বাংলাদেশের টপ অর্ডার যেহেতু রান করছিল না, দ্রুত ২/৩ উইকেট পড়ে যাওয়ার একটা ভয় ছিল। সেই ভয়েরই ফল ব্যাটসম্যানে বোঝাই দল।
ম্যাচের পর মাশরাফির সংবাদ সম্মেলনে আরেকজন স্পিনার না খেলানো নিয়েই বেশ কয়েকটি প্রশ্ন হলো। যার উত্তর দিতে গিয়ে এমনিতে দারুণ স্বচ্ছন্দ মাশরাফির অস্বস্তি বুঝিয়ে দিল, এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে তাঁর মনেও প্রশ্ন আছে। এটা অবশ্য জানিয়ে দিলেন, দলে নানা মত থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তটা তিনিই নিয়েছেন।
স্পিনার প্রসঙ্গটা ছাড়া সংবাদ সম্মেলনের বাকি সব প্রশ্নই প্রীতিকর। এমন একটা জয়ের পর সেটিই হওয়ার কথা। ম্যাচের আগেই বলেছিলেন, এই ম্যাচ থেকে শুধু জয় নয়, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য আত্মবিশ্বাসও জোগাড় করে নিতে চান। বোলিং নিয়ে একটু অসন্তুষ্টি থাকলেও সেই উদ্দেশ্য যথেষ্টই সফল বলে ভাবছেন মাশরাফি, ‘৩১৮ তাড়া করে জিতেছি। ব্যাটসম্যানরা প্রায় সবাই রান পেয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সবাই ভালো অবস্থায় থাকবে।’
স্কটল্যান্ড ৩১৮ করে ফেলার পর কি সত্যি ভেবেছিলেন, এই ম্যাচ জেতা সম্ভব? অবশ্যই ভেবেছিলেন বলে মাশরাফির দাবি, ‘যেমন উইকেট দেখেছি, আমরা পজিটিভই ছিলাম। তামিমের ওপর অনেক চাপ ছিল, তার পরও ও যেভাবে ঠান্ডা মাথায় খেলেছে, এটাকে অসাধারণ বলতেই হবে। রিয়াদ সাধারণত তিন নম্বরে ব্যাটিং করে না, ওখানে নেমে দারুণ খেলেছে। মুশফিক, সাকিব, সাব্বির...এত বড় একটা স্কোর চেজ করতে পেরেছি বলে আমি ব্যাটসম্যানদের ধন্যবাদ দিতে চাই।’
দেওয়াই উচিত! ব্যাটসম্যানরা দারুণ খেলে জয় এনে না দিলে একাদশ নিয়ে প্রশ্নটা যে আরও বড় হয়ে উঠত।