দার্শনিক আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার টি-টোয়েন্টি ম্যাচে উড়ে যাওয়ার পর সাকিবকে অভিনন্দন জানাচ্ছেন শহীদ আফ্রিদি ছবি: এএফপি
শুক্রবার টি-টোয়েন্টি ম্যাচে উড়ে যাওয়ার পর সাকিবকে অভিনন্দন জানাচ্ছেন শহীদ আফ্রিদি ছবি: এএফপি

শহীদ আফ্রিদি যখন বাংলাদেশে পা রাখলেন ওয়ানডে সিরিজ ৩-০-তে হেরে বসে আছে তাঁর দল পাকিস্তান। তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়ক, সঙ্গে নিয়ে এলেন আহমেদ শেহজাদ, সোহেল তানভীর ও মুখতার আহমেদকে। আত্মবিশ্বাসী শরীরী-ভাষা। হাবে-ভাবে দৃশ্যপট পাল্টে দেওয়ার প্রত্যয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রশংসাটা এমনভাবে করলেন যেন তিনি জানতেনই না যে বাংলাদেশ এত উন্নতি করেছে! প্রতিটি পদক্ষেপেই উন্নাসিকতা, এক ধরনের ‘পাড়ার বড় ভাই’-সূলভ আচরণ। 
কিন্তু মাঠে নেমে যেন খুঁজেই পাওয়া গেল না সেই আফ্রিদিকে। আউট হলেন মুস্তাফিজুর রহমান নামের এক উদীয়মান পেসারের আউট সুইংয়ে বিভ্রান্ত হয়ে। বল হাতেও বাংলাদেশের দর্শকেরা দেখল তাঁর ছায়া। সাকিব আল হাসান কিংবা সাব্বির রহমানরা যেন কোনো পাত্তাই দিলেন না ছোটবেলা থেকে টিভি পর্দায় দেখে আসা ‘ভয়ংকর’ এই তারকাকে।
টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বিশাল হারের পর থেকেই খুব দার্শনিক হয়ে উঠেছেন পাকিস্তানের এই মহাতারকা। নিজ দেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডনের মুখোমুখি হয়ে বলেছেন, ‘সবার জীবনেই উত্থান-পতন আছে। ধরে নিন না এটা পাকিস্তানের পতনের সময়! ’ তিনি পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের ‘সবচেয়ে কঠিন সময়ে’ দেশবাসীকে ধৈর্য ধরারও আহ্বান জানিয়েছেন।
এমন পরিস্থিতিতে দেশবাসীকে কেন ধৈর্য ধরতে হবে তারও ব্যাখ্যা দিয়েছেন ৩৫ বছর বয়সী আফ্রিদি, ‘আমরা অনেক কিছুই বিচার-বিশ্লেষণ করে দেখছি। পাকিস্তান দলের এই খেলোয়াড়দের প্রতিই আমার যথেষ্ট আস্থা আছে। বিশ্বাস করুন, এই দলটিই ভবিষ্যতে অনেক ভালো করবে। এরা আমাদের ভবিষ্যতের তারকা।’
তিনি অবশ্য স্বীকার করেছেন বাংলাদেশ সফরে দলটা যথেষ্ট খারাপ করেছে, ‘হ্যাঁ, ভুল এই দলের অনেক আছে। কিন্তু ভুল এড়িয়ে গেল কীভাবে হবে। আমাদের সবাইকে এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করেই সামনে এগিয়ে যেতে হবে।’