দায়ী তিন পক্ষই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়ী তিন পক্ষইমাঝপথে ভারত সফর বাতিল করে আসার জন্য কম ভোগান্তি পোহাতে হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজকে। দুঃখ প্রকাশ করে লাভ হয়নি। ক্ষতিপূরণ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) কাছে ৪২ মিলিয়ন ডলার দাবি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই। পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে একটা টাস্কফোর্সও গঠন করা হয়েছিল। সেই টাস্কফোর্স পুরো ঘটনার জন্য দায়ী করেছে ডব্লুআইসিবি, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় এবং খেলোয়াড়দের সংগঠন (ডব্লুআইপিএ) তিন পক্ষকেই।
পাঁচটি ওয়ানডে, তিনটি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি খেলতে গত অক্টোবরে ভারতে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বেতন-ভাতা নিয়ে ডব্লুআইসিবি, ডব্লুআইপিএ ও খেলোয়াড়দের ত্রিমুখী দ্বন্দ্বে চতুর্থ ওয়ানডের পরেই দেশে ফিরে যায় ওয়েস্ট ইন্ডিজ দল। এ ঘটনার পর থেকেই তিন পক্ষের পাল্টাপাল্টি দোষারোপ চলে আসছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ওয়েস হলের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এর জন্য দায়ী করেছে তিন পক্ষকেই, ‘এক ধরনের শর্তাবলি রেখে বিদেশে দল পাঠানো এবং দল পাঠানোর পর সেসব শর্তে পরিবর্তন আনা খুবই অনৈতিক। বোর্ড এবং ডব্লুআইপিএ খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়া না করেই আর্থিক চুক্তিতে বিশাল পরিবর্তন আনতে চেয়েছিল।’ একই সঙ্গে চুক্তির শর্তাবলি পরিষ্কার না করে বিদেশ সফরে যাওয়ায় খেলোয়াড়দেরও দায়ী করেছে টাস্কফোর্স। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের সংকটময় পরিস্থিতি তৈরি না হয় সে জন্য বেশ কিছু পরামর্শও দেওয়া হয়েছে টাস্কফোর্সের পক্ষ থেকে। কোনো সফরে পাঠানোর অন্তত তিন সপ্তাহ আগে খেলোয়াড়দের সঙ্গে চুক্তিপত্রে সই করিয়ে রাখা, সফরে একজন ক্রীড়া মনোবিদ পাঠানো এবং বোর্ড ও খেলোয়াড়দের সম্পর্ক উন্নয়নে বছরে অন্তত দুবার সৌহার্দ্যসভা করার পরামর্শ দেওয়া হয়েছে। এএফপি।