
আজকের দিনটা সরকারি ছুটি ঘোষণা করলে কেমন হতো?
কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলন থেকে ড্রেসিংরুমে ফেরার সময় স্বগতোক্তির মতো কথাটা বলেছেন মুশফিকুর রহিম। অধিনায়ক হয়তো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় উদ্যাপনের জন্য এমন কিছু চাইছিলেন, যা দেশের মানুষ একসঙ্গে উপভোগ করতে পারবে। তাত্ক্ষণিকভাবে ছুটি-জাতীয় কিছু মাথায় এল বলেই ওই কথা বলা।
কিন্তু এর আগেও তো ৭টি টেস্ট জিতেছে বাংলাদেশ। কই, তখন তো পুরো দেশকে একই উদ্যাপনে মাতানোর কথা ভাবেনি কেউ? ইংল্যান্ডকে হারানোর পরই কেন সেটা মাথায় এল অধিনায়কের?
প্রশ্নের মধ্যেই লুকিয়ে উত্তর। এই জয়টা যে ইংল্যান্ডের বিপক্ষে! ক্রিকেটের তীর্থ ইংল্যান্ড, টেস্ট ক্রিকেটের প্রাচীনতম দুই দলের একটিও। টেস্ট ক্রিকেটের অভিজাত এই দলকে হারানোর কথা স্বপ্নেও কি ভেবেছিল বাংলাদেশ?
মুশফিক জানালেন, তাঁরা স্বপ্ন দেখেছেন বলেই জিতেছেন, ‘স্বপ্ন না থাকলে যে কোনো কিছুই বাস্তব করা কঠিন।’ বাংলাদেশ দলের দীর্ঘদিনের পরিকল্পনার ফসল এই সাফল্য, ‘যখন জেনেছি ইংল্যান্ড আসবে, তখন থেকেই প্রস্তুতি নিয়েছিলাম, এমন উইকেট বানাব যেন ম্যাচ তিন থেকে চার দিনের বেশি না যায়। যে উইকেটে আমাদের স্পিনাররা অনেক সাহায্য পাবে এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানদের অনেক সমস্যা হবে।’ চট্টগ্রাম টেস্টে হারলেও দুই টেস্ট মিলে পরিকল্পনায় সাফল্যের হারই বেশি দেখছেন বাংলাদেশ অধিনায়ক।
সেদিক দিয়ে টেস্ট সিরিজ বাংলাদেশ ২-০-তে জিতলেও অবাক হওয়ার ছিল না। তবে এ নিয়ে আফসোস নেই মুশফিকের। বরং আছে তৃপ্তি, ‘এখন পর্যন্ত এটাকেই আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন বলব। যেভাবে আমরা গত তিন দিন লড়াই করেছি, তাতে আমি মনে করি, এটাই এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন।’
ইংল্যান্ড সিরিজে প্রাপ্তি আছে অনেক। সেই তালিকায় তামিম ইকবালের ফর্মকে ওপরের দিকে রাখছেন মুশফিক, ‘তামিম যে ফর্মে আছে সেটার পুরোটাই ব্যবহার করেছে। এমন উইকেট যে কেউ একটা ভালো বলে আউট হয়ে যেতে পারে। কিন্তু ও চারটি ইনিংসেই ধারাবাহিকভাবে ভালো খেলেছে। এটা ওর ২০০ রান করার চেয়েও কঠিন ছিল।’ ইমরুল কায়েসের ধারাবাহিক পারফরম্যান্সও থাকবে অর্জনের তালিকায়। তবে সবচেয়ে বড় প্রাপ্তি অবশ্যই মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত আবির্ভাব। ২ টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের ১৯টিই তাঁর। সংবাদ সম্মেলনে তাঁকে পাশে বসিয়েই মুশফিক বললেন, ‘আল্লাহর রহমতে দলে এখন পারফরমারের সংখ্যা অনেক বেশি। এটা একজন অধিনায়কের জন্য স্বস্তির ব্যাপার। নতুন যারা আসছে তারাও অনেক অবদান রাখছে দলের জন্য।’
ব্যক্তিগত অর্জনে দলীয় কিছু প্রাপ্তিও দেখছেন মুশফিক। বড় দলের বিপক্ষেও ঘুরে দাঁড়ানো, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, ছোট ছোট পরিকল্পনায় সফল হওয়া—এমন আরও কত কী! সিরিজের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, বাংলাদেশের বোলারদের ইংল্যান্ডের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য নেই। কোচের কথা দুই টেস্টেই ভুল প্রমাণ করেছেন বোলাররা। তবে ব্যাটসম্যানদেরও কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ক, ‘শুধু ২০ উইকেট নিলে হবে না, রান অবশ্যই করতে হবে। ব্যাটসম্যানদের জন্য শেখার একটা সিরিজ ছিল। কারণ, এমন উইকেটে আমরা আগে কখনোই খেলিনি।’
ইংল্যান্ড সিরিজ বাংলাদেশ দলকে এমন আত্মবিশ্বাসও দিচ্ছে যে, যেকোনো উইকেটে যেকোনো দলের বিপক্ষেই টেস্ট জয় সম্ভব। শুধু ধারাবাহিকভাবে তিন-চারটা দিন ভালো খেলতে হবে। মুশফিক তাই নতুন দিনের স্বপ্ন দেখছেন টেস্টেও, ‘বাংলাদেশ দল বিশ্বাস করে, ওয়ানডেতে আমরা যেকোনো জায়গায় যেকোনো দলকে হারাতে পারব। টেস্টেও আমরা ধীরে ধীরে সেদিকেই যাচ্ছি। এখন বিশ্বাস জন্মেছে, যেকোনো বিপর্যয় থেকেও আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে শিখে গেছি।’
টেস্ট দল হিসেবে প্রতিষ্ঠা পেতে এই বিশ্বাসটাই সবচেয়ে বেশি দরকার ছিল। সেটা যখন এসেই গেছে, টেস্ট অভিষেকের ১৬ বছর পর সাদা পোশাক-লাল বলের ক্রিকেটেও নতুন দিনের স্বপ্ন দেখতে বাধা কোথায়?
