দিন শেষে ম্লান ডি ভিলিয়ার্সের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন মাত্রই অধিনায়কত্ব ছেড়েছেন, আরেকজনের কাঁধে সেই দায়িত্ব চেপেছে এই ম্যাচেই। দুজন যখন জুটি বাঁধলেন, দল তখন মোটামুটি ভালো অবস্থানেই। কিন্তু শুরুটা ভালো করেও হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের কেউই থিতু হতে পারলেন না। এই দুজনকে ফিরিয়ে ইংল্যান্ড ম্যাচে ফিরেছে ভালোমতোই। শেষ পর্যন্ত দিন শেষে আফ্রিকার স্কোর ৭ উইকেটে ২৬৭, ব্যাট করছিলেন ক্রিস মরিস ও কাগিসো রাবাদা।
ডি ভিলিয়ার্স যুগের শুরুটাই হলো ছোটখাটো একটা দুঃসংবাদ দিয়ে। সেটাও অদ্ভুতভাবে। ম্যাচের আগের দিন ভারসাম্য হারিয়ে নিজের বাড়িতে পড়ে যান কুইন্টন ডি কক। হাঁটুর ব্যথায় পরে আর নামতেই পারেননি। শেষ পর্যন্ত তাড়াহুড়ো করে উড়িয়ে আনা হয়েছে ডেন ভিলাসকে। সিরিজের তিন টেস্টেই তাই ভিন্ন ভিন্ন উইকেটকিপার দেখল আফ্রিকা।
টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম টসটা জেতেন ডি ভিলিয়ার্সই। কিন্তু সেই হাসিটা দিনের শেষে একটু ম্লান। ফন জিল আরও একবার ব্যর্থ। তবে আমলার সঙ্গে ডিন এলগার মিলে বড় কিছুরই আভাস দিচ্ছিলেন। কিন্তু দুজনই ভালো শুরু করে আউট হয়ে গেছেন। দক্ষিণ আফ্রিকার প্রথম চার ব্যাটসম্যানের আউট হওয়ার ধরনটাও প্রায় একই রকম। চারজনই ক্যাচ দিয়েছেন উইকেটকিপার জনি বেয়ারস্টোকে। প্রথম চার ব্যাটসম্যানই বিশের বেশি রান পেরোনোর পরও তাই দক্ষিণ আফ্রিকার ইনিংস বড় হয়নি। দ্বিতীয় উইকেট জুটিতে এলগার-আমলার ৭৭ রানই হয়ে থেকেছে সর্বোচ্চ।
পরে বাভুমা ও ভিলাসও বেশিক্ষণ থাকেননি। অষ্টম উইকেট জুটিতে মরিস ও রাবাদা অবশ্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন।
টেন ক্রিকেট।