দিন শেষে হাসি কোহলিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাটলার-বেয়ারস্টোই লড়ে গেলেন ইংল্যান্ডের হয়ে।
বাটলার-বেয়ারস্টোই লড়ে গেলেন ইংল্যান্ডের হয়ে।

দিন শেষে মাঠ ছাড়ার সময় বিরাট কোহলি হয়তো মনে মনে ভাবছেন, যাক সকালের সেশনটার প্রভাব সারা দিনে কাটিয়ে ফেলা গেল। 

কী জগাখিচুড়ি অবস্থাই না ছিল ভারতের! ম্যাচ শুরু হওয়ার আগেই সকালে চোটে পড়েন লোকেশ রাহুল। টসেও হারল ভারত। এরপর খেলা শুরু হওয়ার পরও ছন্নছাড়া ফিল্ডিং, সকালে প্রথম ঘন্টায়ই ভারতীয় ফিল্ডাররা ক্যাচ ছাড়লেন দুটি, দুবারই শামির বলে কুকের ক্যাচ। সেই ভারতই দিনটা শেষে ইংল্যান্ডের ৮ উইকেট ফেলে দিল। স্কোরবোর্ডে কুকরা তুলতে পারলেন ২৬৮ রান। কাল সকালে ব্যাট হাতে নামবেন ইংল্যান্ডের দুই বোলার গ্যারেথ ব্যাটি ও আদিল রশিদ—এই চিন্তায়ই তো রাতে ভালো ঘুম হতে পারে কোহলিদের।
৮৯তম ওভারের শেষ বলটাই আজ দিনের হিসেবে ভারতকে একটু বেশি এগিয়ে দিল। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে যান শেষ স্বীকৃত ব্যাটসম্যান ক্রিস ওকস। ৭০ বলে ২৫ রান করেছিলেন তিনি। এর আগে সারা দিন জুড়ে চলল ভারতীয় বোলারদের দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিং। ম্যাচের আগে পিচ রিপোর্টের সময় যদিও বলা হয়েছিল, এই পিচে প্রথম দিন বিকেল থেকেই বল ঘুরবে। কিন্তু আদতে বল খুব একটা ঘোরেনি। সেটির সঙ্গে মানিয়ে নিয়েই ভারতীয় বোলাররা বল করে গেলেন লাইন-লেংথ ঠিক রেখে। পেসাররা দেখিয়েছেন কিভাবে লেংথ ঠিক রেখে গতিতে বল করা যায়, স্পিনাররাও বৈচিত্র কাজে লাগিয়েছেন ভালোভাবে। উইকেটও ভাগাভাগি করে নিয়েছেন, দুই পেসার শামি ও উমেশ নিয়েছেন তিন উইকেট। আর তিন স্পিনার অশ্বিন, জাদেজা ও জয়ন্ত নিয়েছেন বাকি পাঁচটি।
অবশ্য ইংলিশ ব্যাটসম্যানরাও ‘সাহায্য’ করেছেন বেশ। প্রথম সেশনে পানি বিরতির পর প্রথম বলেই জয়ন্তকে পুল করতে গিয়ে উল্টো এলবিডব্লু হয়ে ফিরেছেন জো রুট, সেটি কিছুটা চোখে লেগেছে। পরের ওভারে অশ্বিনের বলে কাট করতে গিয়ে টাইমিং ভুল করেছেন এর আগেই দুবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া কুক।
এক জনি বেয়ারস্টো ছাড়া আসলে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানই স্কোরটাকে বড় করতে পারেননি। হাসিব হামিদ ছাড়া আউট হয়ে যাওয়া সব ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে গেছেন, কিন্তু সেটিকে দশ-বিশের ঘর পার করিয়েছেন শুধু স্টোকস ও জস বাটলার (৪৩ রান)।
প্রথম দিনে ইংল্যান্ডের স্কোরবোর্ডে সবচেয়ে উজ্জ্বল নামটি বেয়ারস্টো। পঞ্চম উইকেটে স্টোকসের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েছিলেন, এরপর ষষ্ঠ উইকেটে বাটলারের সঙ্গে মিলে যোগ করেন আরও ৬৯ রান। ১৭৭ বলের ইনিংসটিতে ইংল্যান্ডকে বেশ ভরসা দিয়ে যাচ্ছিলেন। ৮৯ রানও করেছেন। তবে দিনের শেষ দিকে (৮৪তম ওভারে) রিভিউ নিয়েও আর বাঁচতে পারেননি বেয়ারস্টো। জয়ন্তর ওই ওভারের তৃতীয় বলেই তাঁর ক্যাচ ছেড়েছিলেন উইকেটকিপার প্যাটেল। পরের বলেই হলেন এলবিডব্লু। রিভিউ নিয়েও যে সিদ্ধান্তটা আর বদলাতে পারেননি। সূত্র: ক্রিকইনফো।