দিন শেষেও আলোচনায় সাব্বির আর রিভিউ

টেস্ট শুরু হওয়ার এক দিন আগেই বিনিদ্র রাত্রি কেটেছে কোচের। দলে কাকে ছেড়ে কাকে নেবেন আর ব্যাটিং অর্ডার নিয়ে ভাবনাতেই নাকি অমন ঘুমহীন রাত্রিযাপন। কিন্তু প্রথম দিন শেষেও দল নির্বাচন নিয়ে প্রশ্ন থাকল। তবে সবচেয়ে বেশি প্রশ্ন উঠল সাব্বির রহমানকে নিয়ে।
আজ দলের দুই উইকেট পড়ার পর নেমেছিলেন সাব্বির। টেস্টে চারে মূল ব্যাটসম্যানকেই নামায় দলগুলো। ড্রেসিংরুমে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো দুজন ব্যাটসম্যান থাকার পরও তাই সাব্বিরকে নামানো নিয়ে প্রশ্ন উঠতই। সেটি আরও নিশ্চিত হয়ে গেল প্রথম বলেই যখন আউট হয়ে গেলেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। এমন নয় যে টেস্টে এই প্রথম চারে নেমেছেন সাব্বির। বাংলাদেশের শততম টেস্টে পি সারা ওভালেও চারে নেমেছিলেন সাব্বির। দুই ইনিংসেই দলের ইনিংস গড়ায় ভালো ভূমিকা রেখেছেন। আজ প্রথম দিনের নায়ক সাকিবও সে কথাই মনে করিয়ে দিলেন, ‘সাব্বির কিন্তু শেষ টেস্টেও চারে ব্যাটিং করেছে। ৪০-এর মতো দুটি ইনিংসও খেলেছে। ও যদি আউট না হয়ে ৫০ করত, তাহলে কিন্তু এ কথা কেউ বলত না।’
আজ সাব্বির অবশ্য দর্শকের কাঠগড়ায় উঠেছেন আরেকটি কারণে। প্যাট কামিন্সের দুর্দান্ত এক বলে ক্যাচ দিয়েছেন তিনি। কিন্তু সে সিদ্ধান্ত মনঃপূত না হওয়ায় রিভিউ নিয়েছেন। কিন্তু মাঠের আম্পায়ারের সিদ্ধান্তটাই সঠিক প্রমাণিত হয়েছে। আপাতদৃষ্টিতেও ওই রিভিউ নেওয়ার কোনো কারণ খুঁজে পাননি দর্শক-সমর্থকেরা। সাকিব অবশ্য সিদ্ধান্তের ভারটা শুধু সাব্বিরকে দিতে রাজি নন, ‘ওটা তামিম বলতে পারবে। ও তখন উইকেটে ছিল। এরপর আর কোনো কথা হয়নি।’
সাব্বিরের রিভিউ ব্যর্থ হওয়াতে মাত্র ১০ রানে শুধু ৩ উইকেট হারায়নি বাংলাদেশ, একটা রিভিউও নষ্ট হয়েছে দিনের শুরুতেই। পরে মুশফিকও একটি রিভিউ নিয়ে ব্যর্থ হয়েছেন। এর মূল্য চুকাতে হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ৬ উইকেটে ২৪০ রানে বাংলাদেশ যখন বড় স্কোরের স্বপ্নে বিভোর, আম্পায়ারের ভুল সিদ্ধান্ত সেটা নষ্ট করে দিয়েছে। ফলে দিন শেষে মহা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাব্বিরের সে সিদ্ধান্ত। সাকিবও মানছেন সে রিভিউর গুরুত্ব, ‘আমার মনে হয় এটা এখন ভালোই গুরুত্বপূর্ণ। কারণ মিরাজেরটা আউট ছিল না। সুতরাং মিরাজের সময় রিভিউ থাকলে সেটা নেওয়া যেত। কারণ, মিরাজ ও নাসিরের জুটিটা ভালো হচ্ছিল। ওরা ৪২ রান করে ফেলেছিল। রিভিউ থাকলে আরও ভালো করতে পারত।’
মিরপুরের উইকেট প্রথম দিনেই ইঙ্গিত দিয়ে দিয়েছে, এটা হতে যাচ্ছে ‘লো-স্কোরিং’ ম্যাচ। ফলে মিরাজের ওই আউট কিংবা সাব্বিরের রিভিউর মূল্যটা না ম্যাচ হেরে চুকাতে হয়—এ নিয়েই এখন দুশ্চিন্তা।