দিনজুড়ে লঙ্কান দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনেশ চান্ডিমালের (মাঝে) সেঞ্চুরির হাসি। হাসছেন সতীর্থ দিমুথ করুনারত্নেও। কাল গলে l এএফপি
দিনেশ চান্ডিমালের (মাঝে) সেঞ্চুরির হাসি। হাসছেন সতীর্থ দিমুথ করুনারত্নেও। কাল গলে l এএফপি

দিনের শুরুতে দিমুথ করুণারত্নে, দিনেশ চান্ডিমাল, শেষটায় রঙ্গনা হেরাথ। দিনভর শ্রীলঙ্কান দাপটের মাঝে চা-বিরতির আগে-পরে কিছু সময় ওয়েস্ট ইন্ডিজ বোলারদের চোখ রাঙানি—এই হলো গল টেস্টের নাটকীয় দ্বিতীয় দিনের সারসংক্ষেপ। ওয়েস্ট ইন্ডিজ কাল দিন শেষ করল ২ উইকেটে ৬৬ রান নিয়ে, প্রথম ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে ৪১৮ রানে।
তৃতীয় উইকেটে দুই সেঞ্চুরিয়ান চান্ডিমাল-করুণারত্নের রেকর্ড গড়া দ্বিশতক জুটিতে বড় রানের দিকে ছোটা লঙ্কানরা পথ হারিয়েছে চোখের পলকেই। ৫৯ রানে পড়েছে শেষ সাত উইকেট। শেষ দিকে দুর্দান্ত বোলিং থেকে পাওয়া আত্মবিশ্বাস ওয়েস্ট ইন্ডিজ টেনে নিয়েছিল ব্যাটিংয়েও। রঙ্গনা হেরাথ বাঁহাতি স্পিনে চোখ রাঙাতে শুরু করার আগে তাদের ইনিংসের শুরুটা আক্রমণাত্মকই ছিল।
ষষ্ঠ ওভারেই ‘ব্রহ্মাস্ত্র’ রঙ্গনা হেরাথকে নিয়ে আসেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ফলও পান সঙ্গে সঙ্গেই। নিজের দ্বিতীয় ওভারেই এলবিডব্লু করেন ক্রেইগ ব্রাফেটকে, কিছুক্ষণ পর দলের ৪৯ রানে বোল্ড আরেক ওপেনার শাই হোপও। অপরাজিত দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলসকেও যথেষ্টই ভুগিয়েছেন হেরাথ।
দিনের শুরুটাও লঙ্কানদের দাপটের গল্পই। আগের দিনের সেঞ্চুরিয়ান করুণারত্নে কাল থেমেছেন ১৮৬তে। সেঞ্চুরি পেয়েছেন ৭২ রানে প্রথম দিন শেষ করা চান্ডিমালও। আগের দিনের ১৪৯ রানের জুটিকে দুজন আরও ৮৯ রান বড় করেছেন। এঁদের ২৩৮ রানের জুটিটা গলে তৃতীয় উইকেটে সেরা। গলে যেকোনো উইকেটে এর চেয়ে বেশি রানের জুটি হয়েছে একবারই—২০১৩ সালে পঞ্চম উইকেটে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের ২৬৭।
রেকর্ড জুটিতে একসময় শ্রীলঙ্কার ৫০০ রানকেও তুচ্ছ মনে হচ্ছিল। অথচ ৩ উইকেটে ৪২৫ থেকে লঙ্কান ইনিংসটা শেষ হলো কিনা ৪৮৪-এ।
দিন শেষে এ নিয়ে শ্রীলঙ্কার আক্ষেপ থাকতে পারে, তবে ক্যারিবিয়ানদের আক্ষেপটাও কম নয়। আগের দিনের দুটির ‘ধারাবাহিকতা’য় কাল তারা ক্যাচ ছেড়েছে আরও তিনটি। এর মধ্যে সবচেয়ে বেশি পোড়াচ্ছে হয়তো দিনের দশম ওভারে গ্যাব্রিয়েলের বলে জার্মেইন ব্ল্যাকউডের হাত থেকে পড়া চান্ডিমালের ক্যাচটিই। ক্রিকইনফো।