দিনটি নিজের করে নিলেন ইউনুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪তম টেস্ট শতকের পর ইউনুস খানের মুখে চওড়া হাসি। ছবি: রয়টার্স
২৪তম টেস্ট শতকের পর ইউনুস খানের মুখে চওড়া হাসি। ছবি: রয়টার্স

১৪ বছর আগের সেই টেস্টটা কি মনে পড়ছিল ইউনুস খানের? এ গলেই ২০০০ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬০০ তুলেছিল পাকিস্তান। সে ম্যাচে সাঈদ আনোয়ার, ইনজামাম-উল-হক, ওয়াসিম আকরামের সঙ্গে সেঞ্চুরি পেয়েছিলেন ইউনুসও। আজও পেলেন। এ ডানহাতির ২৪তম টেস্ট শতকে প্রথম দিনে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৬১ ।
অথচ শুরুটা কী দুর্দান্তই না করেছিল শ্রীলঙ্কা! প্রথম দিনের প্রথম সেশনে ৫৬ রানে ৩ উইকেট তুলে নিয়েছিলেন লঙ্কান বোলাররা। কিন্তু ওই পর্যন্তই। লঙ্কান বোলাররা গোটা দিনে সেভাবে আর বাগে পেলেন না পাকিস্তানি ব্যাটসম্যানদের। নির্দিষ্ট করে বললে, ইউনুসই বড় ঢাল হয়ে দাঁড়ালেন শ্রীলঙ্কার সামনে।
অধিনায়ক মিসবাহ-উল-হককে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে করলেন ১০০। ৩১ রানে মিসবাহ ফিরে যাওয়ার পর আসাদ শফিককে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১০৫ রান। দিন শেষে ইউনুস অপরাজিত ১৩৩ রানে। অন্যদিকে শফিক উইকেটে রয়েছেন ৫৫ রানে। শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন ধাম্মিকা প্রসাদ ও রঙ্গনা হেরাথ।
পাকিস্তানের টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি সংখ্যায় মোহাম্মদ ইউসুফের সঙ্গে এখন দ্বিতীয় অবস্থানে ইউনুস। ২৫ সেঞ্চুরি নিয়ে সামনে কেবল ইনজামাম। টেনক্রিকেট ও ক্রিকইনফো।