ওয়েস্ট ইন্ডিজ বিপদে নাঈম–মিরাজের ঘূর্ণিতে

নাঈম–মিরাজের ঘূর্ণি বিপদে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে।ছবি: শামসুল হক

মধ্যাহৃভোজন বিরতির কয়েক ওভারের আগের দৃশ্য। তাইজুল ইসলামের প্রথম দুটি ডেলিভারি বেশ বড় বাঁক নেওয়ায় সিলি পয়েন্ট ও শর্ট লেগে ফিল্ডার ফিরিয়ে আনেন অধিনায়ক মুমিনুল হক। তখন কথাটা বলেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ, 'ঘরের মাঠে যখন উইকেট সাহায্য করছে, তখন আক্রমণাত্বক না হলে বাইরে গিয়ে শীর্ষ দলের বিপক্ষে আক্রমণাত্বক মানসিকতা আসবে কীভাবে?'

তাইজুল–নাঈমের পর উইকেট–উৎসবে মিরাজও।
ছবি: শামসুল হক

চট্টগ্রাম টেস্টে আজ তৃতীয় দিনের প্রথম সেশনে এমন আক্রমণাত্বক মানসিকতায়ই দেখা গেল বাংলাদেশ দলকে। দিনের প্রথম বলে উইকেট তুলে নিয়ে শুভসূচনার পর মধ্যাহৃভোজন বিরতির আগ পর্যন্ত চাপ ধরে রেখেছিলেন বোলাররা। উইকেটরক্ষক লিটন দাস বোলারদের প্রেরণা জোগাতে বার বার বলছিলেন, '(মধ্যাহৃভোজন বিরতি) যাওয়ার আগে আরেকটা নিয়ে যাই।'

প্রথম সেশনে আজ ৩৩ ওভার বল করে ১১৪ রান দেওয়ার বিনিময়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। জমাট ব্যাটিং করতে থাকা ক্রেগ ব্রাফেট, বিপজ্জনক কাইল মায়ার্স ও নক্রুমা বোনারকে তুলে নেন বাংলাদেশের স্পিনাররা। মিডলঅর্ডার ব্যাটসম্যানদের মধ্যে উইকেটে আছেন শুধু ব্ল্যাকউড (৩৪*)।

দারুণ এক বলে ব্রাফেটকে ফিরিয়েছেন নাঈম।
ছবি: শামসুল হক

অন্য প্রান্তে সাতে নেমে অপরাজিত জশুয়া দা সিলভার প্রথম শ্রেনির ক্রিকেটে যদিও সেঞ্চুরি আছে। কিন্তু প্রথম সেশনের লড়াইয়ে এই টেস্ট অনেকটা পথ এগিয়ে রয়েছে বাংলাদেশই। তৃতীয় দিনে মধ্যাহৃভোজ বিরতির আগে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৮৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২৪১ রানে পিছিয়ে সফরকারী দল।

দিনের প্রথম বলে বোনারকে (১৭) স্লিপে ক্যাচ বানান বাঁহাতি স্পিনার তাইজুল। এরপর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের সেভাবে স্বস্তি দেননি তিন স্পিনার তাইজুল, মিরাজ ও নাঈম। প্রথম ৭ ওভারে ৭টি চার মেরে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন কাইল মায়ার্স ও ক্রেগ ব্রাফেট জুটি। কিন্তু ব্রাফেটকে (৭৬) দারুণ এক ডেলিভারিতে বোল্ড আউট করে দুজনের ৫৫ রানের জুটি ভাঙেন নাঈম।

দিনের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল।
ছবি: শামসুল হক

মোস্তাফিজের সঙ্গে তিন স্পিনারকে দিয়েই বল করিয়েছেন। মিরাজ এসে নিজের প্রথম ওভারেই এলবিডব্লুর ফাঁদে ফেলেন মায়ার্সকে (৪০)। সকাল থেকেই উইকেটে বাঁক ও বাউন্স পাচ্ছেন স্পিনাররা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনটা এমনিতেই ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষার। টিভি ধারাভাষ্যকার আতহার আলী বলছিলেন, এ মাঠে 'তৃতীয় দিনে' সাম্প্রতিক কিছু ম্যাচে 'গড়ে ৯টি করে উইকেট' পড়েছে। এ দিকে থেকে আজকের দিনটা ক্যারিবীয়ান ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষার।