দিবারাত্রিতেও অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেল লংয়ের সেই বিতর্কিত সিদ্ধান্তটাই কি শেষ পর্যন্ত অ্যাডিলেডের ভাগ্য গড়ে দিল? তৃতীয় দিনের শেষ সেশনে বেশ রোমাঞ্চ ছড়িয়ে অস্ট্রেলিয়া ৩ উইকেটে টেস্টটা জিতে নেওয়ার পর এই প্রশ্নটাই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।

ঠিক সরাসরি নয়, একটু ঘুরিয়ে আগের দিনই এ রকম একটা প্রশ্ন করা হয়েছিল নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেলরকে। মুচকি হেসে তিনি বলেছিলেন, ‘আমি ম্যাচ ফির পুরোটা নিয়ে বাড়ি যেতে চাই। অন্য কাউকে জিজ্ঞেস করুন।’ আম্পায়ারিং নিয়ে বিতর্কিত কথা বলে জরিমানা গুনতে চাননি টেলর!

কাল ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকেও সেই একই প্রশ্ন। সতর্ক ম্যাককালাম শুধু বললেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ওই সিদ্ধান্তের একটা ভূমিকা তো এ ম্যাচে আছেই। তবে সামগ্রিকভাবেই এই সিরিজে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে ভালো খেলেছে।’ ২-০ ব্যবধানে ট্রান্স-তাসমান সিরিজ জয় ভালো খেলারই পুরস্কার।

যে সিদ্ধান্তটি নিয়ে ম্যাচ শেষেও এত আলোচনা সেটা আগের দিনের। হট স্পট পরিষ্কার প্রমাণ দেখানোর পরও কী ভেবে যেন নাথান লায়নকে আউট দেননি তৃতীয় আম্পায়ার নাইজেল লং। ‘জীবন’ পাওয়া লায়ন পরে পিটার নেভিলকে নিয়ে যোগ করেছেন আরও ৭২ রান। লো স্কোরিং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে এর বেশি আর কী চাই!

খেলাটা চতুর্থ দিনে গড়াবে না—এমন আভাস ছিল দ্বিতীয় দিনের শেষেই। হলোও তাই। ৫ উইকেটে ১১৬ রান নিয়ে কাল খেলতে নামা নিউজিল্যান্ড দিনের দ্বিতীয় ওভারেই হারায় ষষ্ঠ উইকেট, আগের দিনের ৭ রানের সঙ্গে কোনো রান যোগ না করেই ফিরে যান বি জে ওয়াটলিং। তবে আরেক অপরাজিত ব্যাটসম্যান মিচেল স্যান্টনারের ৪৫ ও ডগ ব্রেসওয়েলের অপরাজিত ২৭ রানে শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড তোলে ২০৮।

১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ও জো বার্নস মিলে প্রথম ৬ ওভারে রান তুলছিলেন ৫ রানেরও বেশি করে। তবে দলের ৩৪ রানে বার্নস আউট হওয়ার পর একটু খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। খানিক পরই তারা ৩ উইকেটে ৬৬, ৭ বলের ব্যবধানে ফিরে যান ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। এখান থেকে আবার ম্যাচের লাগামটা অস্ট্রেলিয়ার হাতে এনে দেন শন মার্শ। অ্যাডাম ভোজেসের সঙ্গে ৪৯ ও ভাই মিচেল মার্শের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয়টাকে সময়ের ব্যাপার বানিয়ে ফেলেন শন। কিন্তু অ্যাডিলেডে নাটক তখনো একটু বাকি ছিল!

১৬১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মিচেল আউট হওয়ার পর নড়েচড়ে বসেন অ্যাডিলেডের দর্শকেরা। জিততে মাত্র ১১ রান লাগে, অস্ট্রেলিয়ার হাতে ৫ উইকেট, এমন সময় ৪৯ রানে থাকা শন মার্শকে ফিরিয়ে দেন বোল্ট। এক ওভার পরে এসে তুলে নেন পিটার নেভিলকেও। ব্যাট হাতে নামেন আহত মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার জিততে তখনো ২ রান দরকার, তবে নিউজিল্যান্ডকে দেখে মনে হচ্ছিল তারা তখনো হাল ছাড়েনি। কাভারে একজন ফিল্ডার বাদে বাকি সবাই স্লিপে। শেষ পর্যন্ত এই নাটকের শেষ টানেন পিটার সিডল। ৫১তম ওভারে সাউদির বলটা পয়েন্টের দিকে ঠেলে শেষ করে দেন নিউজিল্যান্ডের আশা। স্টার স্পোর্টস।

ব্যাটসম্যান

                       ইনিংস রান সর্বোচ্চ  গড়  ১০০/৫০

ডেভিড ওয়ার্নার     ৬     ৫৯২   ২৫৩   ৯৮.৬৬    ৩/০

কেন উইলিয়ামসন  ৬     ৪২৮   ১৬৬   ৮৫.৬০    ২/১

রস টেলর             ৬     ৪০৫   ২৯০   ৮১.০০    ১/০

উসমান খাজা         ৩     ৩০৪   ১৭৪  ১৫২.০০   ২/০

অ্যাডাম ভোজেস    ৬     ২৮৫   ১১৯   ৭১.২৫    ১/১

বোলার

                      ওভার উইকেট সেরা    গড়    ৫/১০

মিচেল স্টার্ক        ৮৯.৫    ১৩    ৪/৫৭  ২৩.২৩    ০/০

জশ হ্যাজলউড   ১১৯.১    ১৩    ৬/৭০  ৩১.৬১    ১/০

ট্রেন্ট বোল্ট       ১১৫.০   ১৩    ৫/৬০  ৩৭.৬১    ১/০

নাথান লায়ন      ১০৭.৫   ১০    ৩/৬৩  ৩২.৯০    ০/০

মার্ক ক্রেগ         ১০২.০    ৮     ৩/৭৮  ৬৪.১২    ০/০