দিবারাত্রির টেস্ট ভারতেও
আইপিএলের চলতি আসরেই বিষয়টি পরিষ্কার বোঝা যাচ্ছে, ভারতীয় দর্শক চাচ্ছে নতুন কিছু। মাঠে আর উপচে পড়া ভিড় নেই, অধিকাংশ খেলাই হচ্ছে সীমিত সংখ্যক দর্শকের সামনে। টি-টোয়েন্টিতেই এই দশা, আর টেস্ট ম্যাচগুলো তো আগের থেকেই গড়ের মাঠ! নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে তাই এখনই ভাবতে শুরু করেছে ভারতীয় বোর্ড (বিসিসিআই)। অক্টোবরের ওই সিরিজের একটি ম্যাচ ফ্লাডলাইটের আলোয় আয়োজন করতে চায় বিসিসিআই।
এ জন্য এবারের দিলীপ ট্রফির বেশ কিছু ম্যাচও খেলা হবে ফ্লাডলাইটে। গোলাপি বলে স্পিনারদের নৈপুণ্য, শিশিরের প্রভাব—সব বিবেচনা করে দিবারাত্রির টেস্টের ভেন্যু ঠিক করবে বিসিসিআই।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড অবশ্য ‘সিরিজের এখনো অনেক সময় বাকি’ বলে উত্তেজনার রাশ টেনে ধরছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বলে কথা, গোলাপি বলে অশ্বিন-বোল্টদের বোলিং দেখার প্রস্তুতি নিয়ে রাখাই ভালো। এএফপি।