দিবারাত্রির টেস্ট হাস্যকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর অ্যাডিলেডের পর কয়েক দিন আগে হয়ে গেল দুবাইতে। এবার ইংল্যান্ডেও হতে যাচ্ছে দিবারাত্রির টেস্ট। ইসিবি গত মাসেই জানিয়েছে, সামনের বছর আগস্টে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এজবাস্টনের টেস্ট হবে কৃত্রিম আলোতে। তবে ইয়ান বোথাম পুরো ব্যাপারটাই যা-তা বলেই উড়িয়ে দিয়েছেন।
গত বছর নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্ট দিয়ে শুরু হয়েছিল সাদা পোশাকের নতুন যুগের। এরপর দুবাইতেও গোলাপি বলের রুদ্ধশ্বাস এক টেস্ট হয়ে গেল। সবকিছু ঠিক থাকলে তৃতীয় দেশ হিসেবে ইংল্যান্ড দিবারাত্রির টেস্ট আয়োজন করবে। কিন্তু বোথাম এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতাই খুঁজে পাচ্ছেন না, ‘এটা খুবই হাস্যকর। আমার মনে হয় এটা একেবারেই ন্যক্কারজনক।’
১৯৮১ সালে এজবাস্টন টেস্টে এক রানের মধ্যে ৫ উইকেট নিয়ে অ্যাশেজে স্মরণীয় এক জয় এনে দিয়েছিলেন বোথাম। এই এজবাস্টনে ‘নতুন ইতিহাসের’ ঘোর বিরোধিতা করছেন বোথাম, ‘টেস্ট ক্রিকেট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে দিনে ও রাতে বল করার মধ্যে অনেক ব্যবধান। এটা খুবই অন্যায্য একটা ব্যাপার।’
বোথামের যুক্তি, ইংল্যান্ডে দিনের বেলাতেই টেস্টে অনেক দর্শক হয়। রাতের বেলা সেটি নিয়ে গেলে হিতে বিপরীত হতে পারে বলেও মনে করিয়ে দিচ্ছেন, ‘কীভাবে ওরা এই ব্যাপারটা করতে যাচ্ছে ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের তো দিনের বেলাতেই অনেক লোক হয়। প্রথম তিন দিনের সব টিকিট বিক্রি হয়ে যায়। কিন্তু যেহেতু ওরা এটা করতে যাচ্ছে, আমাদের বসে থেকে দেখা ছাড়া তো কোনো উপায়ও নেই।’ এএফপি।