দিবারাত্রির টেস্টের পক্ষে নন পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিবারাত্রির টেস্ট ম্যাচের আর বাকি আছে মাস খানেক। যে ম্যাচটি হবে টেস্ট ক্রিকেটের জন্য যুগান্তকারী। স্বাভাবিকভাবেই ম্যাচটি নিয়ে অনেক কৌতূহল। টি-টোয়েন্টির উত্থানে যখন জনপ্রিয়তা পড়তির দিকে, ফ্লাডলাইটের টেস্ট ক্রিকেট নিয়ে অনেকেই নতুন করে আশায় বসতি গড়ছেন। তবে সে দলে নেই রিকি পন্টিং। সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক মনে করেন, যেমন আছে তেমনি থাকতে দেওয়া উচিত টেস্ট ক্রিকেটকে। পরীক্ষা-নিরীক্ষা করতে হলে সেটা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে করা হোক।
স্পোর্টস অস্ট্রেলিয়ার হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার দিনে মেলবোর্নে এই টেস্ট ম্যাচ নিয়ে নিজের অস্বস্তির কথা জানিয়েছেন পন্টিং। ক্রিকেট অস্ট্রেলিয়ার মস্তিষ্কপ্রসূত দিবারাত্রির টেস্টের ধারণাটি কখনোই মনে ধরেনি তাঁর। ব্যাট-বলের লড়াইয়ের ১৩৮ বছরের সাদা পোশাক ও লাল বলের এই চিরায়ত ঐতিহ্য ধরে রাখার পক্ষেই তিনি, ‘সব সময়ই এর বিরোধিতা করেছি। নতুন ধারণা ও বৈচিত্র্য নিয়ে আসার ব্যাপারটা বুঝি। কিন্তু আমি টেস্ট ক্রিকেটের ইতিহাস ও ঐতিহ্যের পরম্পরা ধরে রাখার পক্ষে।’
টেস্ট ক্রিকেটকে আরও বিনোদনদায়ী করে তুলতে হবে—পন্টিং এই ধারণাতেই বিশ্বাসী নন। বিনোদন তো আপেক্ষিক ব্যাপার, একজনের চাহিদা একেক রকম। তাঁর মতে, টেস্ট ক্রিকেটের মৌলিকত্ব বজায় রেখে বরং সীমিত ওভারের দুই সংস্করণকে নিয়ে যত খুশি পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে। ক্রিকইনফো।