দিলশান-বাধা পেরিয়ে কুমিল্লার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগং ভাইকিংসের দিলশানের ধাক্কায় পড়ে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ইমরুল, পরে ৫ রান জরিমানাও দিতে হয়েছে চিটাগংকে। ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছে কুমিল্লাই l শামসুল হক
চিটাগং ভাইকিংসের দিলশানের ধাক্কায় পড়ে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ইমরুল, পরে ৫ রান জরিমানাও দিতে হয়েছে চিটাগংকে। ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছে কুমিল্লাই l শামসুল হক

দারুণ এক নাটক দেখা গেল কুমিল্লা ভিক্টোরিয়ানসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে। তাসকিন আহমদের বলটা কাভারের দিকে পাঠিয়ে ১ রানের ‘কল’ দিয়েছিলেন ইমরুল কায়েস। ‘না’ করে দিয়েছিলেন সঙ্গী আহমেদ শেহজাদ। তিলকরত্নে দিলশানের ওভার থ্রোর পরমুহূর্তেই শেহজাদ চলে আসেন স্ট্রাইক-প্রান্তে। ইমরুল দৌড় শুরু করতেই দুর্ঘটনা।
উইকেটের ওপর চলে আসা দিলশানের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলেন ইমরুল। পরে টিভি রিপ্লেতে দেখা গেছে, ইমরুল দৌড় শুরু করতেই সামনে পা বাড়িয়ে দিয়েছিলেন দিলশান। ওদিকে শেহজাদও চলে আসায় দুই ব্যাটসম্যান তখন এক প্রান্তে। অন্য প্রান্তের স্টাম্প ভেঙে দিয়ে রানআউটের আবেদন চিটাগং ভাইকিংসের। তবে টিভি রিপ্লে দেখে আম্পায়ারদের মনে হয়েছে, ইমরুলকে ‘ইচ্ছা’ করেই বাধা দিয়েছিলেন দিলশান। রানআউট তো হয়ইনি, উল্টো চিটাগংকে করা হয়েছে ৫ রানের জরিমানা। বলটাও হয়েছে ‘ডেড’। চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল সিদ্ধান্ত মেনে নিয়েছেন বিনা বাক্যব্যয়ে।
ইমরুল-শেহজাদের দ্বিতীয় উইকেটে ৫২ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কুমিল্লার ৫ উইকেটের জয়ে। ৩৫ রানে ইমরুল আউট হয়েছেন দিলশানের বলেই। বিলওয়াল ভাট্টির বলে ফেরার আগে শেহজাদ করেছেন ৩৭। ২৩ বলে ৩৪ রান করে কুমিল্লাকে জিতিয়ে মাঠ ছেড়েছেন শোয়েব মালিক, ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তাঁর হাতেই। দল হারলেও আরও একবার দারুণ বোলিংয়ে নিজেকে চেনালেন মোহাম্মদ আমির। চট্টগ্রামের পাকিস্তানি পেসার ২২ রানে পেয়েছেন ২ উইকেট।
চিটাগংকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার তামিম-দিলশান। সাতের ওপর রান রেট নিয়ে উদ্বোধনী জুটিতে এসেছে ৫১। এ গতিতে এগোতে পারলে বড় স্কোরই হতো চিটাগংয়ের। কিন্তু ২০ ওভার শেষে রানটা হৃষ্টপুষ্ট হলো না তামিমদের।
২৩ বলে ২৭ করে তামিম ফেরার পর দিলশান ছিলেন আরও কিছুক্ষণ। রানের চাকা যখন বাড়িয়ে নেওয়ার কথা, দিলশান এগোলেন কিছুটা ধীরলয়ে। ৪২ বলে লঙ্কান ব্যাটসম্যানের রান ৩৯। শারজা থেকে উড়ে এসে নিজের প্রথম ম্যাচে ভালো না করলেও উমর আকমল জ্বলে উঠেছিলেন কাল। উমরের আফসোস, অপরাজিত থেকেও ফিফটি হয়নি ১ রানের জন্য।
ঘরের মাঠে আরও একটি পরাজয়ের হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে চট্টগ্রামের দর্শকদের। অন্যদিকে শেষ চারের সম্ভাবনা আরও উজ্জ্বল করে চট্টগ্রামপর্ব শেষ করল কুমিল্লা।