দিলশানের এক ওভারে ছয় চার দিলশানেরই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলশান মুনাবীরা। ছবি: শামসুল হক
দিলশান মুনাবীরা। ছবি: শামসুল হক

ব্যাটিং করতে নেমে পেয়েছেন গোল্ডেন ডাক। সিলেটের ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে সেই দায়ই মেটাতে চেয়েছিলেন বোধ হয়। কিন্তু তিলকরত্নে দিলশানের দিনকে একেবারেই মাটি করে দিলেন আরেক দিলশান। দিলশানের ওই ওভারে টানা ছয় বলে ছয়টি চার মেরেছেন দিলশান মুনাবীরা!
আজ অনেক নাটকের পরে ব্যাট করতে নেমেছিল চিটাগং ভাইকিংস। কিন্তু শুরুতেই আউট হয়ে দলকে বিপদে ফেলে দিয়েছিলেন দিলশান। তামিম ইকবাল ও ইয়াসির আলির ব্যাটে চড়ে ১৮০ রানের বড় সংগ্রহ গড়েছে চট্টগ্রাম দল। ১৮১ রান তাড়া করতে নেমে ভালোই জবাব দিচ্ছে সিলেট সুপার স্টারস।
প্রথম ওভারে মোহাম্মদ আমির মাত্র ৫ রান দেওয়ার পর বোলিংয়ে এসেছিলেন দিলশান। স্বদেশী এবং ‘স্বনামী’কে পেয়ে যেন ব্যাট খুলে মারতে শুরু করেন জুনিয়র দিল​শান। প্রথম বল স্কয়ার লেগ দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে শুরু করলেন, শেষ করলেন লং অফ দিয়ে মারা চার দিয়ে। মাঝখানের বাকি চারটি বলও সীমানা পার করেছেন। তিনটি লেগ সাইড দিয়ে, অন্যটি সেই লং অফ দিয়েই। টানা ছয়টি চার! দিলশানের দুর্ভাগ্য, চতুর্থ বলে একটি উইকেট পাওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ডিপ মিড উইকেটে ক্যাচটি শুধু পড়েইনি, উল্টো চারও খেতে হয়েছে।
এর আগে বোলিংয়ে দিনটি বেশ খারাপই কেটেছে মুনাবীরার নিজেরও। নিজের ৪ ওভারে ৫৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। চট্টগ্রামের সব ব্যাটসম্যানই চড়াও হয়েছিলেন তাঁর ওপর। ব্যাট হাতে যেন তারই জবাব দিচ্ছেন মুনাবীরা। ২২ বলে ফিফটি করে ফেলেছেন। দিলশানকে মারা ৬টি চারসহ মোট ১০টি চার মেরেছেন, সঙ্গে ১টি ছক্কাও।
টি–টোয়েন্টিতে অবশ্য এক ওভারে ছয় ছক্কা হাঁকানোরও কীর্তি আছে। ২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রডকে টানা ছয়টি ছক্কা মারেন।