দিলশানের শেষের শুরু

সাদা পোশাককে বিদায় বলেছেন বছর তিনেক আগে। বয়স হয়ে গেছে ৩৯, তবে রঙিন পোশাকে তিলকরত্নে দিলশান আগের মতোই উজ্জ্বল। কিন্তু আর মাত্র তিনটি ম্যাচের পরই সেই আলো নিভে যাবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন দিলশান।
১৯৯৯ সালে অভিষেক। এরপর শ্রীলঙ্কার ক্রিকেটের কত উত্থান-পতনের সাক্ষী হয়েছেন। তাঁর হাত ধরেই ‘দিলস্কুপের’ মতো রোমাঞ্চকর উদ্ভাবনী শট দেখেছে ক্রিকেট। সেই অধ্যায়টা এবার শেষ হয়ে যাচ্ছে। আগামী রোববার ডাম্বুলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটিই হবে দিলশানের শেষ আন্তর্জাতিক ওয়ানডে। শ্রীলঙ্কার হয়ে শেষ টি-টোয়েন্টি খেলবেন ৯ সেপ্টেম্বর।
তবে দিলশানের ব্যাটে যে খুব রানখরা যাচ্ছিল, তা নয়। গত বছর ওয়ানডেতে নিজের সেরা বছরগুলোর একটি কাটিয়েছেন, করেছেন ১২০৭ রান। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রান ছিল তাঁর। ২০১৩ সাল থেকে ওয়ানডেতে গড় ৪৯.১৮। এখন পর্যন্ত ৩২৯টি ওয়ানডে খেলে করেছেন ১০২৪৮ রান, নিয়েছেন ১০৬ উইকেট। ৭৮টি টি-টোয়েন্টিতে করেছেন ১৮৮৪ রান। তিন সংস্করণের ক্রিকেটেই সেঞ্চুরি করেছেন মাত্র পাঁচ ব্যাটসম্যান। দিলশান তাঁদের একজন।
অভিষেকের পর অনেকটা সময় লোয়ার মিডল অর্ডারে খেলেছেন। তবে টপ অর্ডারে উঠে এসেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ২০০৯ সাল থেকে নিয়মিত খেলছেন ওপেনিংয়ে, ক্যারিয়ারের ২২টি সেঞ্চুরির ২১টিই এসেছে এর পর। গত ছয় বছরে প্রতিবারই ওয়ানডেতে বছরে অন্তত ৮০০ রান করেছেন।
এ বছরের শুরুতে ইংল্যান্ড সফরে যাননি। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের আগেই প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়ার সঙ্গে কথা হয়েছিল তাঁর। তখনই তাঁকে জানানো হয়, ২০১৯ বিশ্বকাপ নিয়ে শ্রীলঙ্কার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তিনি নেই। দিলশানের এখনই অবসর নেওয়ার ইচ্ছা আসলে ছিল না। কিন্তু প্রথম দুই ওয়ানডেতে ২২ ও ১০ রান করার পরই মন বদলেছেন তিনি। ক্রিকইনফো।
দিলশানের আন্তর্জাতিক ক্যারিয়ার
টেস্ট ওয়ানডে টি-টোয়েন্টি
ম্যাচ ৮৭ ৩২৯ ৭৮
রান ৫৪৯২ ১০২৪৮ ১৮৮৪
গড় ৪০.৯৮ ৩৯.২৬ ২৮.৯৮
সেঞ্চুরি ১৬ ২২ ১
উইকেট ৩৯ ১০৬ ৭