দিল্লির দূষণ নিয়ে চিন্তিত আইসিসিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি দিল্লি টেস্টে দূষণ থেকে বাঁচতে মাস্ক পরে খেলেছেন শ্রীলঙ্কান ক্রিকেটারেরাও। রয়টার্স ফাইল ছবি।
সম্প্রতি দিল্লি টেস্টে দূষণ থেকে বাঁচতে মাস্ক পরে খেলেছেন শ্রীলঙ্কান ক্রিকেটারেরাও। রয়টার্স ফাইল ছবি।

মাস্ক পরে মাঠে ফিল্ডিং! তাতেও রক্ষা হয়নি। মাঠে ও ড্রেসিংরুমে বমি করেছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। দিল্লি টেস্টের এসব ঘটনায় এবার টনক নড়েছে আইসিসির। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে ভবিষ্যতে দূষণের শহর দিল্লিতে টেস্ট হবে কি না।

শীতকাল এলেই দূষণ বাড়ে দিল্লিতে। জনজীবন বিপর্যস্ত হয়। বন্ধ রাখতে হয় স্কুল-কলেজ। তারপরও দিল্লিতে কেন টেস্টের আয়োজন? শ্রীলঙ্কার এই প্রশ্নটা প্রথমে উড়িয়েই দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু এই প্রশ্নটাই তুলেছে ভারতের মেডিকেল অ্যাসোসিয়েশনও (আইএমএ)। দূষণের কারণে বিশাল স্বাস্থ্যঝুঁকি থাকার পরও টেস্ট আয়োজন করায় ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কড়া সমালোচনার মুখে বিসিসিআই ও দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন। এবার দিল্লির দূষণ নিয়ে টনক নড়ল আইসিসিরও। আগামী ফেব্রুয়ারিতে সভা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। সেখানে বিষয়টি আলোচনায় আসবে বলে জানিয়েছেন সংস্থার এক মুখপাত্র, ‘আইসিসি দিল্লি টেস্টের পরিস্থিতি খেয়াল করেছে। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে কী করণীয়, সে ব্যাপারে মেডিকেল কমিটির কাছে পরামর্শ চেয়েছে। আইসিসির ফেব্রুয়ারির সভাতেই বিষয়টি নিয়ে আলোচনা হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাতাসে গ্রহণযোগ্য পিএম-২.৫ (বস্তুকণা) এর মাত্রা ১০। সেখানে দিল্লির বাতাসে এর পরিমাণ ৩০০! এমন পরিস্থিতিতেও টেস্ট আয়োজন করার আগে দূষণ মিটার ব্যবহারের পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের ম্যানেজার অশঙ্কা গুরুসিংহা, ‘আমি বলছি না তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিতে, কিন্তু একটা মান ঠিক করা উচিত। আলোকস্বল্পতার লাইট মিটারের মতো এখানেও দূষণ মিটার ব্যবহার করা যায়।’

সেই পথেই কি এগোবে আইসিসি? এএফপি, ক্রিকবাজ।