দীর্ঘ ইনিংস, ফল শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিওফ অ্যালট। ৭৭ বলে শূন্য। বিশ্ব রেকর্ড। নিউজিল্যান্ডের সাবেক বাঁহাতি পেসারের নাম ও ৭৭ বলের শূন্য যেন সমার্থকই হয়ে গেছে। ১৯৯৯ সালের ২ মার্চ অকল্যান্ড টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১১ নম্বরে নেমে এই প্রতিরোধ গড়েছিলেন অ্যালট। অ্যালটের বীরত্ব প্রায় সবারই জানা। কিন্তু ওয়ানডেতে সবচেয়ে বেশি বল খেলে শূন্যতে ফিরেছেন কে? ওয়েস্ট ইন্ডিজের অকালপ্রয়াত ব্যাটসম্যান রুনাকো মর্টনের দখলে এই ‘কীর্তি’। ২০০৬ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১ বল খেলে শূন্য রানে আউট হন মর্টন। তিনি উইকেটে এসেছিলেন ইনিংসের প্রথম বলে ওপেনার ক্রিস গেইলের বিদায়ের পর, ফেরেন দশম ওভারের শেষ বলে। ২০১২ সালে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মর্টন পেছনে ফেলেছিলেন স্বদেশি ফিল সিমন্সের ২৩ বলের শূন্যকে। এই রেকর্ড নিয়ে ঘাঁটাঘাঁটি ইহসানউল্লার কারণে। দিনকয়েক আগে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে আফগানিস্তানের ওপেনার ২০ বলে শূন্য রান করেছেন। তথ্যসূত্র: ক্রিকইনফো।