দুঃখ হয়েই রইল 'ফাইনাল'
>♦ ১০জনের দল হয়েও ম্যাচটা মুঠোয় পুরতে টপ অর্ডার, মিডল অর্ডারের ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিং করতে হতো
♦ মাহমুদউল্লাহ বাদে সেটি কেউ করতে পারল না।

গ্যালারিতে বাঘ সেজে আসা দর্শকদের মুখগুলো বেশ কবার দেখাল টিভি ক্যামেরা। টিভি ক্যামেরা খানিক আগে খুঁজে এসেছে বাংলাদেশ দলের ড্রেসিংরুমও। থমথমে, বিষাদের ছায়া সবখানে। ফাইনাল, ওহ ফাইনাল! ফাইনাল তবে বেদনাই হয়ে রইল বাংলাদেশের কাছে।
চ্যাম্পিয়ন’স লাক, শিরোপা জিততে ভাগ্য লাগে—মাশরাফি বিন মুর্তজা আগেও বলেছেন। সেই ভাগ্যটা বাংলাদেশের নেই বলেই কি না আজ সাকিব আল হাসান, দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিটকে গেলেন ম্যাচের মাঝেই। সাকিবকে পরে ড্রেসিংরুমে দেখা গেল, তবে দর্শক হওয়ার চেয়ে বেশি কিছু তখন তাঁর আর করার নেই।
উদ্বেগ, উৎকণ্ঠা আর মন খারাপ করা সাকিবের মুখটা দেখা বড় যন্ত্রণার! হ্যাঁ, বাঁহাতি অলরাউন্ডার শূন্য রানেও আউট হতে পারতেন। কিন্তু সাকিব থাকা-না থাকায় অনেক পার্থক্য। সাকিব ২২ গজে কী করবেন, সেটির চেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বসেরা অলরাউন্ডার দলে থাকা মানে দলের আত্মবিশ্বাসের পারদটা উঁচুতে থাকা।
১০জনের দল হয়েও ম্যাচটা মুঠোয় পুরতে টপ অর্ডার, মিডল অর্ডারের ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিং করতে হতো। মাহমুদউল্লাহ বাদে সেটি কেউ করতে পারল না। মাহমুদউল্লাহর লড়াই বৃথা যায় না, চট্টগ্রামে ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে, কার্ডিফে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রমাণ হয়েছে। কিন্তু আজ আর হলো না। এক প্রান্ত আগলে রেগে সতীর্থদের অসহায় আত্মসমর্পণই দেখলেন। দেখলেন, কারণ বাংলাদেশ ফাইনাল জিততে পারে না!
ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে যখন মাশরাফিকে আগের তিন ফাইনালের হারের কথা মনে করিয়ে দেওয়া হলো, অধিনায়ক ম্লান হাসিতে বলছিলেন, ‘না মনে করিয়ে দিলেও পারতেন!’ নির্মম ইতিহাস কি চাইলেই ভোলা যায়?
এই ফাইনালের আগে বাংলাদেশের সামনে তাই মূর্ত হয়ে উঠেছিল ২০০৯ সালে, ১৬ জানুয়ারি। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দোরগোড়া থেকে যেটিতে বাংলাদেশ ফিরে এসেছিল। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ১৫৩ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে ফেলেছিল ১১৪ রানেই।
শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা যখন ক্রমেই চলে আসছিল হাতের কাছে, তখন সেটি দূরে নিয়ে গেল পারভিজ মাহরুফ-মুত্তিয়া মুরালিধরনের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটি (৩৯)। ৩০ বলে যখন শ্রীলঙ্কার দরকার ৩৫ রান, রুবেল ২ ওভারে দিয়ে বসলেন ৩২ রান! নড়বড়ে ব্যাটিংয়ের জন্য সুখ্যাত মুরালিই নিলেন ৩১।
২০১২ সালের ২২ মার্চ, মিরপুরে এশিয়া কাপের ফাইনালেও বেদনাদায়ক গল্পেরই পুনরাবৃত্তি। পাকিস্তানের দেওয়া ২৩৭ রান তাড়া করতে নামা বাংলাদেশকে শেষ ওভারে করতে হতো ৯ রান। ২ বলে ৪। স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা নেওয়া ম্যাচটা বাংলাদেশ শেষ পর্যন্ত হারল ২ রানে।
সেই হারের কষ্ট এতটাই তীব্র ছিল, মিরপুরের কান্না সংক্রমিত হয়েছিল গোটা দেশে।
মিরপুরেই টি-টোয়েন্টি সংস্করণে হওয়া ২০১৬ এশিয়া কাপের ফাইনালটা যদিও খুব একটা রোমাঞ্চ ছড়ায়নি। ঝড়-বৃষ্টিকবলিত ম্যাচটা নেমে এসেছিল ১৫ ওভারে। বাংলাদেশের দেওয়া ১২১ রান ২ উইকেট হারিয়ে অনায়াসে টপকেছিল ভারত।
আজও অনায়াসে ফাইনাল জিতল শ্রীলঙ্ক। মাশরাফি কাল বলেছিলেন, যারা স্নায়ু সামলাতে পারবে, তারাই এগিয়ে থাকবে। স্নায়ুর লড়াইয়ে বাংলাদেশ পারেনি। নাকি পারেননি ভাগ্যের সঙ্গে? ইশ যদি সাকিব থাকতেন...এই কথাগুলোও উচ্চারিত হবে।
শিরোপা জিততে হলে চ্যাম্পিয়ন’স লাকটাও যে লাগে!