দুঃখটা ঘুচল মুশফিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিক-মাশরাফির এমন প্রাণখোলা হাসিতে যেন পুরো দলেরই প্রতিচ্ছবি। জিম্বাবুয়ের ইনিংস পথ হারিয়ে ফেলেছে, পাওয়া যাচ্ছে জয়ের সুবাস—সেটির আগাম উদ্‌যাপনও এই ছবি l প্রথম আলো
মুশফিক-মাশরাফির এমন প্রাণখোলা হাসিতে যেন পুরো দলেরই প্রতিচ্ছবি। জিম্বাবুয়ের ইনিংস পথ হারিয়ে ফেলেছে, পাওয়া যাচ্ছে জয়ের সুবাস—সেটির আগাম উদ্‌যাপনও এই ছবি l প্রথম আলো

মুশফিকুর রহিমের কাছে বছর চারেক আগের হারারে আর কালকের মিরপুরের পার্থক্য কী?
পার্থক্য অনেকভাবেই থাকতে পারে। তবে এককথায় বললে, পার্থক্যটা কান্না আর হাসির! ‘যত হাসি তত কান্না’ প্রবাদটা মুশফিকের ক্ষেত্রে উল্টো। একসময় কেঁদেছেন, এবার হেসেছেন!
২০১১-এর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৫১ রান তাড়া করতে নেমে প্রায় একাই জিতিয়ে দিচ্ছিলেন। পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। কিন্তু সেদিন শেষ হাসিটা হেসেছিল জিম্বাবুইয়ানরা। মাত্র ৫ রানে হেরে মুশফিককে সইতে হয়েছিল তীরে এসে তরি ডোবার যাতনা!
সে এমনই যে ড্রেসিংরুমে অঝোরে কেঁদেছিলেন মুশফিক! এতটাই বিধ্বস্ত ছিলেন, ম্যাচসেরার পুরস্কার পর্যন্ত নিতে আসেননি। তাঁর হয়ে পুরস্কারটা নিয়েছিলেন তখনকার অধিনায়ক সাকিব আল হাসান।
চার বছর পর সেই জিম্বাবুয়ের বিপক্ষে অদ্ভুত দৃশ্য, পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাকিব, মুশফিক দুজনই ছিলেন। সাকিব এলেন ওয়ানডেতে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়ে। মুশফিক ম্যাচসেরা হয়ে। দুজনে খুনসুটিতে মাতলেন, হাসি-রসিকতা করলেন। অনিন্দ্যসুন্দর এই দৃশ্যের জন্যই কি তবে হারারেতে কেঁদেছিলেন মুশফিক?
সংবাদ সম্মেলনে ফিরিয়ে আনা হলো চার বছরের আগের স্মৃতি। সময়ের ফিতেয় ধুলো পড়েছে। দুঃসহ স্মৃতি মনে করতে একটু কষ্টই হলো মুশফিকের, ‘হেরেছিলাম মনে আছে। তবে ম্যাচসেরা হয়েছিলাম কি না, মনে নেই! তবে বিরাট আফসোস ছিল। সর্বোচ্চ রান করেও যদি হারতে হয়, খুবই খারাপ লাগবে। ওই দিন খুবই হতাশ ছিলাম। আজ (কাল) যেহেতু দলের জন্য কিছু করতে পেরেছি এবং দল জিতেছে, এটা আমার জন্য অনেক আনন্দের।’

এলবিডব্লুর ব্যাপারে এতটাই নিশ্চিত ছিলেন যে, আপিল করলেন দীর্ঘক্ষণ ধরে। সেই আবেদনে শেষ পর্যন্ত সাড়াও দিয়েছেন আম্পায়ার। গ্রায়েম ক্রেমারের এই উইকেটটি ছিল কাল সাকিবের চার নম্বর। ‘চার’ পরে ‘পাঁচ’ হয়েছে। এর আগে ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন ছয়বার, ৫ উইকেট এই প্রথম l শামসুল হক
এলবিডব্লুর ব্যাপারে এতটাই নিশ্চিত ছিলেন যে, আপিল করলেন দীর্ঘক্ষণ ধরে। সেই আবেদনে শেষ পর্যন্ত সাড়াও দিয়েছেন আম্পায়ার। গ্রায়েম ক্রেমারের এই উইকেটটি ছিল কাল সাকিবের চার নম্বর। ‘চার’ পরে ‘পাঁচ’ হয়েছে। এর আগে ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন ছয়বার, ৫ উইকেট এই প্রথম l শামসুল হক

সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে আবার জানতে চাওয়া হলো, সত্যি মনে নেই? সেদিন অঝোরে কেঁদেছিলেন, সেটা মনে নেই! সলজ্জ হাসিতে মুশফিকের সরল স্বীকারোক্তি, ‘এবার মনে পড়েছে! আসলে ওই দিন খুবই হতাশ হয়ে পড়েছিলাম।’
প্রথম সেঞ্চুরি পেতে ৯৬ ম্যাচ লেগে গেলেও পরের ৬০ ম্যাচে পেয়েছেন আরও তিন সেঞ্চুরি। দ্বিতীয় সেঞ্চুরিটাও কষ্টের। গত বছর এশিয়া কাপে ভারতের বিপক্ষে ফতুল্লায় খেলেছিলেন ১১৭ রানের ইনিংস। সেটিও ম্লান হয়ে গেল বিরাট কোহলির সেঞ্চুরিতে। তবে এ বছর পাওয়া দুই সেঞ্চুরি বিফলে যায়নি। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে আর কালকের সেঞ্চুরি—দুটোতেই হয়েছেন ম্যাচসেরা।
এ বছর দুর্দান্তই কাটছে মুশফিকের। ১৬ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৭১৮ রানে তিনিই এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ওপরে। অবশ্য মাঝে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দুটিতে একটু খারাপ গেছে। ভারতের বিপক্ষে তিন ম্যাচে করেছিলেন ৬৯, দক্ষিণ আফ্রিকার সঙ্গে এক ম্যাচে ২৪—মুশফিকের নামের পাশে একটু বেমানান তো বটেই।
তবে জিম্বাবুয়ে সিরিজের শুরুতেই এ সেঞ্চুরিকে ‘স্বস্তি’ বলতে রাজি নন মুশফিক, ‘আমার এ বছর খুবই ভালো গেছে। শেষ দুই সিরিজে যে প্রত্যাশা ছিল, সে অনুযায়ী রান করতে পারিনি। টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে সবারই দায়িত্ব থাকে বড় স্কোর করা। আজ (কাল) সেই কাজটা করতে পেরেই ভালো লাগছে। একে স্বস্তি বলব না, বলব আত্মবিশ্বাসের অন্য একটা পর্যায়। চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখতে।’
দলের অভিজ্ঞ খেলোয়াড়েরা যখন জ্বলে ওঠেন, যেকোনো অধিনায়কের জন্যই তা স্বস্তির সুবাতাস। মুশফিক-সাকিবের পারফরম্যান্সে খুশি মাশরাফি বিন মুর্তজা, ‘ক্যারিয়ারের শুরু থেকেই তারা বাংলাদেশ দলে অবদান রেখে আসছে। এখন তারা অনেক পরিণত। কঠিন সময়ে অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে সেরা পারফরম্যান্সটাই আশা করতে হয়। আশা করি, যখন দলের প্রয়োজন হবে সাকিব-তামিম-মুশফিক তাদের সেরাটাই দেবে।’ অধিনায়ক মনে করেন অভিজ্ঞদের দেখানো পথেই পা ফেলবেন তরুণেরা, ‘খেলোয়াড়দের এখন পরিণত হওয়ার সময়। তারা উপভোগ করবে মাঠে, এটাই চাই। এ ধরনের পরিস্থিতিতে কীভাবে ব্যাটিং-বোলিং করতে হবে, শিখবে অভিজ্ঞদের কাছ থেকে।’
এ ম্যাচে অভিজ্ঞরা জ্বলে উঠলেন, পরের ম্যাচে তরুণদের পালা। তারপর? সাফল্যভাস্বর আরেকটি সিরিজের গল্প।