দুঃখিত, কিং জর্জ থ্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফোর্ট জর্জের সবচেয়ে ওপরে আছে আটলান্টিক মহাসাগরের দিকে তাক করা এই পাঁচটি কামান l প্রথম আলো
ফোর্ট জর্জের সবচেয়ে ওপরে আছে আটলান্টিক মহাসাগরের দিকে তাক করা এই পাঁচটি কামান l প্রথম আলো

দুঃখিত, কিং জর্জ উইলিয়াম ফ্রেডরিক। আপনি গ্রেট ব্রিটেনের পরাক্রমশালী রাজা ছিলেন। আপনার আগের যেকোনো ব্রিটিশ রাজার চেয়ে আপনি ছিলেন দীর্ঘজীবী, রাজত্বও করেছেন বেশি দিন। উত্তর আমেরিকা এবং ভারতবর্ষেও আপনার শাসন ছিল।
কিন্তু কিং জর্জ থ্রি, আপনার মৃত্যুর প্রায় তিন শ বছর পর আজ আপনার জন্য আমার দুঃখই হচ্ছে। আপনাকে স্মৃতির মণিকোঠায় ধরে রাখতে আপনার জীবদ্দশায়ই আপনার অনুসারীরা এমন এক কাজ করে গেছেন, বেঁচে থাকলে যাঁর জন্য হয়তো আজ আপনি নিজেই আক্ষেপ করতেন। মাথা ঠুকতেন ফোর্ট জর্জের শেওলা ধরা নিরেট দেয়ালে।
যে কারণে আপনার জন্য আজ এত খারাপ লাগছে, সেটা ওই ফোর্ট জর্জই। একটু যদি পেছন ফিরে যান, আপনার মনের পর্দায়ও ভেসে উঠবে স্মৃতিগুলো।
১৭৬৩ সালের কথা। আপনি গ্রেনাডা দ্বীপ দখল করলেন। আপনার অনুসারীরা তখন গ্রেনাডায় ফ্রেঞ্চদের বানানো রয়্যাল ফোর্টের নাম বদলে করল আপনার নামে—ফোর্ট জর্জ। মনে আছে নিশ্চয়ই দুর্গটার কথা। পাহাড়ের ওপর তিনটি ধাপে গড়ে উঠেছে ১৭০৬ থেকে ১৭১০ সালের মধ্যে ফরাসিদের বানানো সেই দুর্গ। সবচেয়ে ওপরের ধাপে সামনের আটলান্টিক সমুদ্রের দিকে তাক করা পাঁচটি বিশাল কামান। সম্ভবত শত্রুপক্ষের জাহাজ ধ্বংসের উদ্দেশ্যে সেগুলো বসানো হয়েছিল। দুর্গের ভেতর ছোট্ট একটা সুড়ঙ্গপথের মতো আছে, তার মুখে আরও দুটি ছোট কামান। দুর্গের মাঝখানে খোলা এক টুকরো চাতাল।
আমি অবশ্য নিশ্চিত জানি না দুর্গটা তখনো এভাবেই সাজানো ছিল কি না। কারণ ফোর্ট জর্জ আর সেই আগের ফোর্ট জর্জ নেই! কালের পরিক্রমায় ভবিষ্যৎ প্রজন্মদের ছোঁয়ায় একটু একটু করে বদলে গেছে ইতিহাসের সাক্ষী। আমরা বাংলাদেশের তিন সাংবাদিক পরশু আপনার নামের সেই দুর্গটি দেখতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। এটা দুর্গ, নাকি পুলিশ স্টেশন! নাকি কোনো জিমনেসিয়াম অথবা খেলার মাঠ?
হ্যাঁ, কিং জর্জ থ্রি। ফোর্ট জর্জ আজ এই তিনেরই সংমিশ্রণ। একটা হাসপাতালও আছে পাশে। ওপরে ওঠার পথ দুটি। তবে পাহাড়ের গা বেয়ে ওঠা সিঁড়ি ধরে উঠলে বিভ্রান্তিতে পড়তে হবে। এ পথে একটু এগোলেই নিরাপত্তাপ্রহরীর ছোট একটা কক্ষ, যেটার দরজায় দর্শনার্থীদের প্রবেশমূল্যের কথা লেখা আছে। উল্টো দিকে দর্শনার্থীদের জন্য আছে একটা বিশ্রামাগারও। কিন্তু ওই পথে গিয়ে জানা গেল, এগুলোর কোনো ব্যবহারই আজ নেই। দুর্গে ঢুকতে এখন আর প্রবেশমূল্য লাগে না। আর এ পথে দুর্গে ওঠাও যায় না।
একে-ওকে জিজ্ঞেস করে পরে দুর্গে ওঠার আসল পথটা খুঁজে পেলাম। কিন্তু সে পথে ঢুকতেও দ্বিধাদ্বন্দ্ব—এটা ফোর্ট জর্জই তো! দুর্গ বলতে কেবল পুরোনো স্থাপত্যই আশা করেছিলাম। অথচ একটু এগোতেই দেখি হলুদ রঙের আধুনিক এক ভবন। দেয়ালে লাল রঙে লেখা ‘পুলিশ হেডকোয়ার্টার্স’। সামনে গাড়ির সারি। ভাবলাম দুর্গে বোধ হয় এখনো ঢুকিনি। আরও এগোতে হবে। ভুল ভাঙালেন একজন পুলিশ পরিদর্শক। পার্কিং থেকে গাড়ি নিয়ে বের হচ্ছিলেন। আমাদের পরিচয় জেনে বললেন, ‘হ্যাঁ, হ্যাঁ, এটাই ফোর্ট জর্জ। ভেতরে গিয়ে আরও অনেক কিছু দেখতে পাবেন।’
আসলেই, দুর্গের ভেতর আরও অনেক চমকই অপেক্ষা করছিল। মাঝখানের যে ছোট্ট চাতালটার কথা বলেছিলাম, সেটা এখন একটা বাস্কেটবল কোর্ট, তাও অযত্নে পড়ে আছে। আর ওই যে পাঁচটা কামান বসানো সবচেয়ে ওপরের ধাপ, সেখানে একটা জিমনেসিয়াম। ভেতরে ব্যায়াম করার অনেক যন্ত্রপাতি। ভাবলাম, পুলিশ হেড কোয়ার্টার যেহেতু, পুলিশেরই জিমনেসিয়াম হবে। সেই ধারণাও ভুল। এই জিমনেসিয়াম ব্যবহার করতে পারে সাধারণ মানুষও।
নতুন ভবন যে শুধু ওই পুলিশ হেড কোয়ার্টার্সই, তা-ও নয়। দুর্গের আরও দু-এক জায়গায়ও উঠেছে নতুন ইটের দেয়াল। তবে মাননীয় কিং জর্জ থ্রি, আপনার নামের ফোর্ট জর্জ মানুষের একটা উপকারে কিন্তু ভালোই লাগছে। পুরো গ্রেনাডা থেকেই যে আটলান্টিকের নানা রূপ চোখে পড়ে, সেটা বোধ হয় সবচেয়ে মোহনীয় হয়ে ধরা দেয় ফোর্ট জর্জের ওপর থেকেই। দক্ষিণ দিকের দেয়ালের ওপর উঠলে দেখা যাবে গ্র্যান্ড আনস সৈকতের অপরূপ সৌন্দর্য। সূর্যের আলো পড়ে সমুদ্র-জলের রুপালি ঝিলিক চোখ ধাঁধিয়ে দেয়। সেই জলে ফেনা তুলে ছুটে চলা স্পিডবোটগুলোকে মনে হয় খেলনার মতো। অবশ্য দুর্গের ওপর থেকে খেলনা মনে হয় পুরো শহরটাকেই।
জানি, তাতে আপনার মনের ক্ষত শুকোবার নয়। আপনি ছিলেন রাজা। যুগ-যুগান্তর ধরে রাজার মতোই হয়তো বেঁচে থাকতে চেয়েছিলেন। আপনার অনুসারীদের উদ্দেশ্যও মহৎ ছিল সন্দেহ নেই। হয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনার পরিচয় তুলে ধরতে, আপনার অসীম ক্ষমতার কথা সুদূর ইতিহাসে ছড়িয়ে দিতেই ফোর্ট রয়্যালকে তারা নাম দিয়েছিলেন ফোর্ট জর্জ। কিন্তু হায়! সেই ফোর্ট জর্জ আজ আপনার জন্য কেবলই বেদনার স্তম্ভ। আপনার স্মৃতিচিহ্ন থেকে মুছে যাচ্ছে ইতিহাস! কিং জর্জ উইলিয়াম ফ্রেডরিক, সত্যিই আমরা দুঃখিত।