দুঃসংবাদ নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামল নিউজিল্যান্ড

টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেল লকি ফার্গুসনেরছবি: আইসিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ের মাংসপেশীতে চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেল লকি ফার্গুসনের। কাল রাতে অনুশীলনের সময় পায়ে টান অনুভব করেন নিউজিল্যান্ডের এ পেসার।

আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে এমআরআই করার পর দুঃসংবাদটি পান ফার্গুসন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) বিবৃতিতে জানানো হয়, ফার্গুসনের পায়ের মাংসপেশি ছিঁড়ে গেছে। এটা গ্রেড টু মাত্রার চোট। সুস্থ হয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। এর আগে তিনি মাঠে নামতে পারবেন না।

এদিকে আগামী ১৩ দিনের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। কিন্তু ডানহাতি এ পেসারকে টি-টোয়েন্টি বিশ্বকাপে আর পাচ্ছে না কিউইরা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ফার্গুসনের ছিটকে পড়া নিউজিল্যান্ডের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। কিউইদের কোচ গ্যারি স্টিড বলেন, ‘লকির জন্য এটা খুব কষ্টের। দলের বাকিরা তার যন্ত্রণায় সমব্যথী। টি-টোয়েন্টি দলে সে খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিল। তাকে হারানোটা আমাদের জন্য বড় আঘাত। তবে তার বদলি হিসেবে অ্যাডাম মিলনের মতো কাউকে পেয়ে স্বস্তি লাগছে। সে দুই সপ্তাহ ধরে দলের সঙ্গে অনুশীলন করছে।’

আইসিসির অনুমোদন নিয়ে নিউজিল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে অ্যাডাম মিলনেকে অন্তর্ভুক্ত করবে নিউজিল্যান্ড—দলটির বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নিউজিল্যান্ড দলে ফার্গুসনের বদলি হিসেবে মিলনেকে তাই দেখা যায়নি। শারজায় বাংলাদেশ সময় রাত ৮টায় পাকিস্তানের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড।