দুঃসংবাদ হয়ে এল মিরাজের চোটও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন মিরাজ। ছবি: প্রথম আলো
ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন মিরাজ। ছবি: প্রথম আলো

একটু আফসোস হচ্ছে বাংলাদেশের? সামান্য পুঁজি নিয়ে লড়াই করতে হয়েছে। সাকিব-তাইজুল দুজনই উইকেট পেয়েছেন। কিন্তু মেহেদী হাসান মিরাজের বোলিংটা দেখা যায়নি চতুর্থ ইনিংসে।

ব্যাটিং করার সময় প্যাট কামিন্সের বলে ডান হাতের বুড়ো আঙুল ও তর্জনিতে ব্যথা পেয়েছেন মিরাজ। দলের পরিস্থিতির কারণে ব্যথা নিয়েই ব্যাটিং করেছেন। ছিলেন ১৪ রানে অপরাজিত। তবে ফিল্ডিংয়ে আর নামতে পারেননি। তাঁর জায়গায় ফিল্ডিং করেছেন লিটন দাস।
৮৬ রানের সহজ লক্ষ্যটা অস্ট্রেলিয়া পেরিয়ে গেছে ৭ উইকেট হাতে রেখেই। ঢাকা টেস্টে হারের পর চট্টগ্রামে জিতে সিরিজ ড্র করেছে অস্ট্রেলিয়া। তাতে বাড়তি দুঃসংবাদ হয়ে এল মিরাজের চোট। জানা গেছে, তর্জনিতে এখনো অনেক ব্যথা। তবে কোনো চিড় ধরা পড়েনি। সন্ধ্যায় মিরাজের এক্স-রে করা হয়েছে। বিসিবির চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘এক্স-রেতে কোনো চিড় ধরা পড়েনি। সূক্ষ্ম চিড় থাকলে সেটা এক্সরেতে ধরা নাও পড়তে পারে। সাধারণত দুই-তিনের মধ্যে ব্যথা সেরে যাওয়ার কথা। যদি ৭২ ঘণ্টায় ব্যথা না সারে তবে সিটি স্ক্যান করতে হবে।’ 

কদিন পরেই দক্ষিণ আফ্রিকা সফর। ২৮ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ তারিখ শুরু তিন দিনের প্রস্তুতি ম্যাচ।