পাঁচ বছর আগের টেস্ট অভিষেকের দুঃস্বপ্ন ভুলতে নিশ্চয়ই অনেক দিন লেগেছে বিরাট কোহলির। যদিও ওয়ানডে অভিষেক তার আরও তিন বছর আগে, তত দিনে পাঁচটি সেঞ্চুরিও হয়ে গেছে। কিন্তু সাদা পোশাকে এসেই যেন খেই হারিয়ে ফেললেন! ওয়েস্ট ইন্ডিজে অভিষেক সিরিজে চার টেস্টে গড় ছিল মাত্র ১৫, সর্বোচ্চ ৬৩। অ্যান্টিগায় পরশুর ডাবল সেঞ্চুরিটা তাই শুধু তাঁর সর্বোচ্চ ইনিংস বলেই নয়, অনেক দিন বিঁধে থাকা একটা কাঁটা ঝেড়ে ফেলার কারণেও কোহলির কাছে আনন্দের উপলক্ষ।
সেদিনের আনকোরা কোহলি এখন অনেক পরিণত, আগের চেয়েও বেশি ধারাবাহিক। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পর টেস্ট অভিষেকের দুঃস্মৃতি মুছে ফেলাটাই বেশি তৃপ্তি দিচ্ছে ভারত অধিনায়ককে, ‘হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। এখানেই আমার অভিষেক হয়েছিল, কিন্তু সফরটা আমার জন্য খুব স্মরণীয় ছিল না। আগেরবার সুযোগ পেয়েও বড় কিছু করতে পারিনি, সে জন্যই এবারের ডাবল সেঞ্চুরি আমাকে বেশি তৃপ্তি দিচ্ছে।’
বর্তমান সময়ের সেরাদের তালিকায় ওপরের দিকেই কোহলির নাম। কিন্তু টেস্টে বড় স্কোর হচ্ছিল না। তার চেয়েও অবিশ্বাস্য, প্রথম শ্রেণির ক্রিকেটেই কোহলির কোনো ডাবল সেঞ্চুরি ছিল না! সেই অচলায়তন ভাঙতে পারাটাও তাঁর জন্য একটা স্বস্তি, ‘আমি জানি, আমার বড় স্কোর করার সামর্থ্য আছে। এটা প্রথম শ্রেণির ক্রিকেটে আমার প্রথম ডাবল সেঞ্চুরি। অবশ্যই খুব ভালো লাগছে। টেস্ট ক্রিকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণ। এখানে ভালো করার সন্তুষ্টিটা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি।’
অ্যান্টিগা টেস্টে কোহলির ব্যাটে ভর করেই ভারত চড়েছে ৫৬৬ রানের পাহাড়ে। টপ অর্ডারে শিখর ধাওয়ান ছাড়া বাকিরা কোহলিকে সেভাবে সঙ্গ দিতে পারেননি। চ্যালেঞ্জটা তবু হারেননি ভারত অধিনায়ক, ‘পাঁচ ব্যাটসম্যান নিয়ে খেললে আপনার ওপর বাড়তি চাপ থাকবেই। সেটাই আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। চাপটা আমি নিজেই নিয়েছি। আর অধিনায়ক হিসেবে খেলোয়াড়দের কাছ থেকে এমন কিছু চাইব না, যেটা নিজে করতে পারব না।’
তবে কোহলি সঙ্গ পেয়েছেন এমন একজনের, যাঁর মূল কাজ আসলে বল করা। রবিচন্দ্রন অশ্বিনও যে সেঞ্চুরি পেয়েছেন পরশু! ব্যাটিং অর্ডারে একটু ওপরে এসে ছয়ে ব্যাট করেছেন ভারতের এই স্পিনার। এখন তো তিনি চাচ্ছেন এই জায়গাতেই নিয়মিত ব্যাট করতে, ‘ব্যাটিং অর্ডারে ওপরে উঠে আসতে পেরে আসলেই ভালো লেগেছে। আমি ব্যাটিং খুবই উপভোগ করি, কিন্তু ছয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে অনেক কিছুই করতে হবে।’
৫৬৬ রানের পর ভারতীয় বোলাররাও শুরুতেই ধাক্কা দিতে পেরেছেন ক্যারিবীয় ইনিংসে। ১৬ রান করে ফিরে গেছেন ওপেনার রাজেন্দ্র চন্দ্রিকা। ৩১ রানে ১ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে যেতে হবে আরও অনেক দূর। এনডিটিভি।
সর্বশেষ
৭২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১৫৭, উইকেট পড়েছে ৭টি। ভারতের চেয়ে এখনো ৪০৯ রানে পিছিয়ে আছে ক্যারিবীয়রা। ফলোঅন এড়াতে করতে হবে আরও ২১০। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র চেষ্টা করেছেন ওপেনার ক্রেইগ ব্রাফেট। তিনি আউট হয়ে গেছেন ৭৪ রানে। অনেক দিন পর আন্তর্জাতিক ফেরাটা দারুণ উপভোগ করছেন মোহাম্মদ শামি। ৪১ রানে ৪ উইকেট পেয়েছেন এই পেসার।