
হার-জয়-হার-জয়-হার-জয়।
এক টেস্টে বাজে হার তো পরের টেস্টে দারুণ জয়। ইংল্যান্ডের হারজিতের ধারাটা ভাঙতে পারল না অস্ট্রেলিয়াও। এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন শেষেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল অভাবনীয় কিছু না হলে জিতে যাচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডকে দেরি করিয়ে দেওয়া ছাড়া অভাবনীয় কিছুই করতে পারেনি অস্ট্রেলিয়া। ১২১ রানের লক্ষ্যটা ইংলিশরা পেরিয়ে গেছে ৮ উইকেট হাতে রেখেই। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেল ২-১ ব্যবধানে।
ম্যাচের আগে ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান জো রুট। কাল ইংল্যান্ডের জয়সূচক বাউন্ডারিটা এল তাঁর ব্যাট থেকেই। প্রথম ইনিংসের ৬৩ রানের পর এবার অপরাজিত ৩৮। তবে ম্যাচে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের নাম ইয়ান বেল। এজবাস্টন টেস্টটা শেষ সুযোগ হয়েই এসেছিল ফর্মের সঙ্গে যুঝতে থাকা বেলের জন্য। প্রথম ইনিংসে ৫৩, দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৫—সেই অগ্নিপরীক্ষায় কী দারুণভাবেই না উতরে গেলেন এজবাস্টনের ঘরের ছেলে। দ্বিতীয় ইনিংসে অবশ্য ভাগ্যই পক্ষে ছিল বেলের। মিচেল স্টার্কের বলে স্লিপে মাইকেল ক্লার্ক যখন ক্যাচটা ছাড়লেন বেলের রান মাত্র ১। এরপর আর কোনো সুযোগ দেননি রুটের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়া বেল। আর তাতেই বাতাসে মিলিয়ে গেছে ১১ রানেই প্রথম উইকেট তুলে নেওয়া অস্ট্রেলিয়ার অভাবনীয় কিছু করার আশা।
তবে বেল-রুট নন, আড়াই দিনের কিছু বেশি সময়ে শেষ হওয়া ম্যাচের সেরা খেলোয়াড় স্টিভেন ফিন। দুই বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন। উপলক্ষটা কী দারুণভাবেই না উদ্যাপন করলেন এই ফাস্ট বোলার! প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৬ উইকেট—অস্ট্রেলিয়ার ব্যাটিংধস হয়েছে ৬ ফুট ৭ ইঞ্চি দীর্ঘ বোলারের হাতেই। ২৪ টেস্টের ক্যারিয়ারে তৃতীয়বার ৬ উইকেট, তবে রান কম দেওয়ায় ফিনের সেরা বোলিং এটাই।
৭ উইকেটে ১৬৮ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া অলআউট হওয়ার আগে যোগ করে আরও ৯৭ রান। ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছেন উইকেটকিপার পিটার নেভিল। ফিফটি পেয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া মিচেল স্টার্কও।
সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ৬ আগস্ট ট্রেন্ট ব্রিজে। তথ্যসূত্র: ক্রিকইনফো।