দুঃস্মৃতি ভুলতে চান যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরোয়া ক্রিকেটের ফর্মই ফিরে আনল যুবরাজকে। ফাইল ছবি
ঘরোয়া ক্রিকেটের ফর্মই ফিরে আনল যুবরাজকে। ফাইল ছবি

বাংলাদেশে হওয়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল যুবরাজ সিংকে। ঢাকার ফাইনালে খেললেও যুবির জন্য সেটি ছিল দুঃস্বপ্নের! শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ব্যাটে যেন বলই লাগাতে পারছিলেন না। ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে ২১ বলে করেছিলেন ১১ রান। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে ওভারে ৬ ছক্কা মারা ব্যাটসম্যানের কাছ থেকে এমন পারফরম্যান্স অপ্রত্যাশিতই ছিল ভারতীয় সমর্থকদের কাছে। ফাইনালে ভারত হেরে গেলে চারদিকে মুণ্ডুপাত চলেছিল ২০১১ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরার।
মাঝের সময়টা যুবরাজের জন্য দুঃস্বপ্নের। ভারতীয় দল থেকেও বাদ পড়েছিলেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপের নায়ক। এর মধ্যে ক্যানসারের সঙ্গে লড়াইও করতে হয়েছে। তবে দুঃসময়েও ভেঙে পড়েননি। নিজেকে ফিরে পেতে চালিয়ে গেছেন লড়াই। প্রতিনিয়ত নিজেকে নতুন করে গড়েছেন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন। প্রায় দেড় বছরেরও বেশি সময় পরে ভারতীয় দলে আবার ডাক পেয়ে যুবরাজ বলছেন, ‘আমার জীবনের খুব বাজে একটা সময় পার করলাম। এর চেয়ে বাজে সময় কারও জীবনে আসতে পারে না। তবে এই সময়টা নিজেকে নতুন করে গড়েছি। মানসিকভাবে দৃঢ় হয়েছি।’
খারাপ সময়টা কেটেছে ভীষণ চাপে। চাপটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরারই। তবে ব্যাপারটাকে খুব আমলে না নিয়ে দলে ফেরার যুদ্ধটাই করে গেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটেও অনেক চাপ থাকে। সবাই একজন খেলোয়াড়ের কাছ থেকে সেরা পারফরম্যান্সটাই চায়। সবাই চায় আপনার কোনো দারুণ পারফরম্যান্স প্রতি নিয়তই দেখতে।’
২০১১ বিশ্বকাপের পর ক্যানসার কেড়ে নিয়েছিল ক্যারিয়ারের বেশ কিছুটা সময়। প্রাণঘাতী রোগের সঙ্গে লড়ে পুরোপুরি সুস্থ হয়েই মাঠে ফিরেছেন। অসুস্থতাই হয়তো তাঁর আগের ধারে মরচে ধরিয়েছিল। তবে এবার নিজেকে আগের রূপেই ফেরাবেন বলে প্রত্যয়ী তিনি, ‘একটু সময় লাগবে, তবে মনে করি পুরোনো রূপেই ফিরব। আমার ওপর নির্বাচক ও ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট যে আস্থা রেখেছেন, তাতে নিশ্চিত ভালো কিছুই করব।’ 

ভারতীয় দলে ফিরতে ঘরোয়া ক্রিকেটে নিজেকে নতুন করে প্রমাণ করতে হয়েছে তাঁকে। যুবরাজ জানিয়েছেন, কতটা কঠিন পথ পাড়ি দিতে হয়েছে, ‘ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে নিজেকে উদ্দীপ্ত করাটা অনেক কঠিন। কিন্তু এ ছাড়া অন্য কোনো বিকল্প আমার সামনে ছিল না। জাতীয় দলে সুযোগ পেতে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতেই হবে। সেটাই করেছি।’
এই মৌসুমের রঞ্জি ট্রফির সাত ম্যাচে তাঁর রান ৩৯৮। বিজয় হাজারে ওয়ানডে টুর্নামেন্টে পাঁচ ম্যাচে তাঁর পারফরম্যান্সই মূলত নির্বাচকদের নড়েচড়ে বসতে বাধ্য করে। এ প্রতিযোগিতার ৫ ম্যাচে ১০৩.৬৪ স্ট্রাইক রেটে রান ৩৪১। গড় ৮৫.২৫।
প্রাণঘাতী ক্যানসারের সঙ্গে লড়ে যিনি ফিরেছেন মাঠে, সেই যুবরাজ ভারতীয় দলের জার্সিতে নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে কেন হারবেন?