দুই অধিনায়কই 'জানতেন'

পঞ্চম দিনে শেষ ২ উইকেটে ৩৩ রান, টেস্টে অবশ্যই কঠিন এক সমীকরণ। তবু আশা নিয়ে কাল রাতটা কেটেছে বাংলাদেশের ‘যদি হয়ে যায়’—সাব্বির আশার দেউটি হয়েছিলেন ৫৯ রানে অপরাজিত থেকে। কিন্তু তারপরও সত্যি বললে টেস্টটা ইংল্যান্ডের দিকেই ঝুঁকে ছিল। দুই অধিনায়কও অনুমান করতে পারছিলেন, কে জিততে যাচ্ছেন ম্যাচটা।
তাঁদের অনুমান সত্যি হয়েছে আজ সকালেই। শেষ হাসি হেসেছে ইংল্যান্ড আর হতাশায় পুড়েছে বাংলাদেশ। তবু বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম এই টেস্ট থেকে খুঁজে নিচ্ছেন ইতিবাচক কিছু, ‘স্বাভাবিকভাবেই ২ উইকেটে ৩৩ রান করা অনেক কঠিন সমীকরণ। ৯০ শতাংশ ম্যাচ ওদের দিকেই হেলে ছিল। ওদের টেল এন্ডারদের প্রথম শ্রেণিতে সেঞ্চুরি আছে। আর আমাদের শেষের দিকের ব্যাটসম্যানদের এমন কিছু নেই প্রথম শ্রেণিতে। আর থাকলেও ওদের প্রথম শ্রেণি আর আমাদের প্রথম শ্রেণির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য, এটি নিশ্চয়ই জানেন। হয়তো খারাপ লাগছে। তবে এই টেস্ট জিতলে আহামরি দল হয়ে যেতাম, তাও না। লক্ষ্য ছিল সেশন ধরে ধরে ভালো খেলার। আমরা ওদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছি।’
বাংলাদেশের বিপক্ষে ২২ রানের জয়টা নিশ্চয়ই স্বস্তি দিচ্ছে ইংল্যান্ডকে। তবে ইংলিশ অধিনায়কও নাকি জানতেন ম্যাচটা তাঁদেরই হতে যাচ্ছে, ‘যদি নির্মম সত্যটা বলি, আজ সকালে আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম। ২ উইকেটে ৩০-এর বেশি...তাদের হয়তো হাফ চান্স ছিল। তবে আমরাও ম্যাচ জেতার যথেষ্ট সুযোগ তৈরি করেছি। এ কারণে অনেকটাই স্বাচ্ছন্দ্যে ছিলাম।’
দুই দলের মধ্যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে চট্টগ্রাম টেস্টে। তবে যে সেশনটি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে, সেটিই বললেন কুক, ‘দুর্দান্ত এক টেস্ট ছিল এটি। সত্যি প্রথম সেশনের পর ভাবতে পারিনি এই ম্যাচ পাঁচ দিনে গড়াবে। অনেক চড়াই-উতরাই ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তৃতীয় দিনের শুরুটা। তখন তারা (প্রথম ইনিংসে) ৭০-৮০ রানে পিছিয়ে ছিল, হাতে ৫ উইকেট। আমরা তবু লিড পেয়েছি। এটাই ছিল আসল পার্থক্য ।’
ম্যাচটা হারলেও প্রায় ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে বাংলাদেশ এমন লড়াই করবে, জয়ের দ্বারপ্রান্তে চলে যাবে, কে ভেবেছিল! মুশফিক তাই চট্টগ্রাম টেস্টকে রাখছেন অনেক ওপরেই, ‘আমার ১১ বছরের ক্যারিয়ারের অন্যতম সেরা টেস্ট এটা। দুইটা টেস্ট সব সময়ই মনে থাকবে। একটা খুলনায়, আমরা পাকিস্তানের সঙ্গে ড্র করেছিলাম। ওটা এখনো আমার এক নম্বর। এরপর এটা হবে অন্যতম সেরা।’