দুই অধিনায়কের কাছে দুই রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের শততম টেস্ট দিয়ে মীমাংসা হবে এই ট্রফিরও, যেটিতে ভাগ বসাতে হলে পি সারা ওভালে টেস্টটা জিততেই হবে বাংলাদেশকে। দুই টেস্টের সিরিজ শুরুর আগে ট্রফি নিয়ে এভাবেই পোজ দিয়েছিলেন দুই অধিনায়ক রঙ্গনা হেরাথ ও মুশফিকুর রহিম l ফাইল ছবি
বাংলাদেশের শততম টেস্ট দিয়ে মীমাংসা হবে এই ট্রফিরও, যেটিতে ভাগ বসাতে হলে পি সারা ওভালে টেস্টটা জিততেই হবে বাংলাদেশকে। দুই টেস্টের সিরিজ শুরুর আগে ট্রফি নিয়ে এভাবেই পোজ দিয়েছিলেন দুই অধিনায়ক রঙ্গনা হেরাথ ও মুশফিকুর রহিম l ফাইল ছবি

২০০০ সালে বাংলাদেশ যখন প্রথম টেস্টটি খেলতে নামে, এক কিশোর তখন বিকেএসপিতে সপ্তম শ্রেণির ছাত্র। টেলিভিশনে খেলা দেখতে দেখতেই সেই কিশোরের চোখে বাসা বেঁধেছিল একটি স্বপ্ন। একদিন তাঁকে খেলতে হবে বাংলাদেশ দলে এবং টেস্টে! সেই কিশোরই আজকের মুশফিকুর রহিম। তাঁর অধিনায়কত্বেই বাংলাদেশ দল আজ কলম্বোর পি সারা ওভালে খেলতে নামছে নিজেদের শততম টেস্ট।
বারবার বলছেন, এটি দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত আর তাঁর কাছে অশেষ গৌরবের বিষয়। রাঙিয়ে রাখতে চান ঐতিহাসিক এই টেস্টকে। কাল সংবাদ সম্মেলনেও আরেকবার বললেন, এই টেস্টকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত তাঁর দল। ঘটনাচক্রে শততম টেস্টটি মুশফিকদের কাছে হয়ে উঠেছে সিরিজ বাঁচানোর লড়াই। গলে প্রথম টেস্টে ব্যাটিংই ডুবিয়েছে দলকে। পি সারায় তাই সতর্ক অধিনায়ক, ‘আমাদের ব্যাটিংয়ে ভালো করতে হবে। পার্টনারশিপ গড়ে তুলতে হবে। সবাইকে খেলতে হবে দায়িত্ব নিয়ে।’
এই দায়িত্বের প্রসঙ্গ যখন আসে, তখন মুশফিকই হয়ে ওঠেন উদাহরণ। গলে ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিটা পেতে পেতেও পাননি। কেমন হয়, যদি শততম টেস্টে একটি সেঞ্চুরিই করে ফেলেন তিনি! শততম টেস্টে সেঞ্চুরি করার কথা কে বলতে যাবে মুশফিককে? তাঁর মাথায় শুধু ঘুরছে ‘ভালো ব্যাটিং আর ভালো ব্যাটিং’। অথচ সেঞ্চুরি কিন্তু অস্বাভাবিক চাওয়া নয় তাঁর কাছে। দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি, ২০১৭ সালেই ছয়টি টেস্ট ইনিংসে দুটি সেঞ্চুরির সঙ্গে করেছেন একটি ফিফটি। শুধু ভালো ব্যাটিংই নয়, মুশফিকের চাওয়া শততম টেস্টে দলের সর্বোচ্চ সমন্বয়। পেস-স্পিন মিলিয়ে বোলিংটাও হতে হবে ভালো। আর এ প্রসঙ্গেই অধিনায়ক বলে গেলেন, সেরা দলটিই তাঁরা বেছে নেবেন। তবে একাদশ চূড়ান্ত হবে খেলা শুরুর আগে সকালে।
মাহমুদউল্লাহ এমনিতেই নেই। তাঁর বদলি তো নিতেই হবে, মুশফিকের জন্য সেই সিদ্ধান্তও অপেক্ষমাণ। তবে এখানে যে রকম খবর, তাতে মোসাদ্দেক হোসেনের টেস্ট অভিষেকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মুমিনুলকে একাদশে না দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তখন হয়তো তিনে ব্যাট করতে দেখা যাবে ইমরুল কায়েসকে। অনুশীলনে পাঁজরে চোট পেয়ে ছিটকে পড়েছেন উইকেটকিপার লিটন দাস। মুশফিককেই তাই হয়তো আবার হাতে তুলে নিতে হবে কিপিং গ্লাভস।
সংবাদ সম্মেলন শেষ করে মুশফিক স্থানীয় টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন ক্লাব গ্যালারির চেয়ারে বসে। কাছাকাছি তাঁকে ঘিরে থাকল অনেকগুলো চোখ। শ্রীলঙ্কান কয়েকজন তরুণের চোখে নিশ্চিতই কৌতূহল কিংবা মুগ্ধতা। ‘মুশফিকার, মুশফিকার—দারুণ ব্যাটসম্যান’—এই কথাগুলো এ-ও জানিয়ে দিল, মুশফিকুরের ব্যাটিং শ্রীলঙ্কানদের কাছেও কী সমীহের বিষয়। গোটা ক্রিকেট-দুনিয়াতেই কি এখন তা নয়! শততম টেস্ট, অধিনায়কের ব্যাটে সেঞ্চুরি, দলের জয়—কল্পনার রং পাখা মেললে ক্ষতি তো নেই!
প্রায় গলের মতোই উইকেট। এখানে পেসাররা একটু বেশি বাউন্স পাবেন। রঙ্গনা হেরাথ এই প্রতিবেদকের সঙ্গে সংবাদ সম্মেলনের আগেই তা জানিয়েছেন কথা প্রসঙ্গে। সুতরাং, এটি জেনেবুঝেই পি সারায় সঠিক একাদশ নিয়ে নামবেন এই মাঠের মালিক তামিল ইউনিয়ন ক্লাবের সাবেক অধিনায়ক। বাংলাদেশের শততম টেস্টের উৎসব কি তাতে মাটি হয়ে যাবে? শ্রীলঙ্কান অধিনায়ক একটু হাসলেন, ‘ওদের অভিনন্দন জানাই শততম টেস্টে। তবে ওদের কাছে যেটি উৎসব, আমাদের কাছে সেটি শুধুই আরেকটি টেস্ট। আর আমরা জয়ের জন্যই খেলতে নামি।’
হেরাথ নিজেও একটি অনন্য অর্জনের সামনে দাঁড়িয়ে। সেটি অবশ্য হবে বাংলাদেশের উৎসব মাটি হয়ে গেলেই। এই টেস্টেও যদি জিতে যান, তিনিই হবেন দুটি দলের বিপক্ষে শততম টেস্টে জয়ী ইতিহাসের প্রথম অধিনায়ক। গত বছরই জিম্বাবুয়ের শততম টেস্টে জিতেছেন। আর এবার যদি বাংলাদেশের বিপক্ষে জিতে যান...
না, হেরাথ ওই অর্জন নিয়ে ভাবছেন না, ‘আমি তো নিজের রেকর্ডের কথা ভেবে খেলি না। আমি দলকে জেতাতে চাই। খেলোয়াড় হিসেবেও এটাই ছিল আমার নীতি, অধিনায়ক হিসেবেও সেটি বদলায়নি।’
দুই অধিনায়কের কাকে অর্জনের আলোয় রাঙাবে পি সারা ওভাল?