
বয়সে ৯৬ দিনের ছোট-বড়। দুজনই ৩৪ ছুঁই-ছুঁই। ওয়ানডে খেলার দিক থেকেও কাছাকাছি। একজন খেলেছেন ২৬১ ম্যাচ, অন্যজন ২৪৩টি। দুজনই নিজের নিয়মে চলেন। হয়তো সে কারণেই নিজের দেশের সংবাদমাধ্যমের কাছে চরম অপ্রিয়।
এত সব মিল নিয়ে আজ সেমিফাইনালে টস করতে নামছেন যে দুজন, মাঠের মাঝখানে হেঁটে যাওয়ার সময় আরেকটা মিলের কথাও তাঁদের মনে খেলা করার কথা। এটি বিশ্বকাপে যেকোনো একজনের শেষ ম্যাচ হতে যাচ্ছে।
বয়সে একটু ছোট তবে ম্যাচের সংখ্যায় একটু এগিয়ে মহেন্দ্র সিং ধোনি আবারও বিশ্বকাপ জিতলে সেদিনই অবসরের ঘোষণা দিয়ে দেন কিনা, এ নিয়ে ভারতীয় সাংবাদিকের মধ্যে জল্পনা আছে। একটা অংশ অবশ্য সেটির কোনো সম্ভাবনাই দেখছেন না। তাঁদের যুক্তি, ধোনি টেস্ট ক্রিকেট থেকে হুট করে অবসর নিয়ে ফেলেছেন তো ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্যারিয়ার দীর্ঘায়িত করতেই। তবে একটা ব্যাপারে সবাই একমত, নিজেকে যে রহস্যময়তায় ঘিরে রেখেছেন ধোনি, ওয়ানডে থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তেও সেই রহস্য থাকবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের মাঝখানে টেস্ট ক্রিকেট কেন ছেড়ে দিলেন, সেই প্রশ্নের উত্তরই তো এখনো সঠিক জানা হয়নি কারও। মেলবোর্ন টেস্ট শেষে সংবাদ সম্মেলন করে গেলেন, যাতে বিন্দুমাত্র ইঙ্গিতও নেই। এর কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় বোর্ডের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সবাই জানল, ধোনি আর টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
টেস্ট যেমন নিজের ইচ্ছা অনুযায়ী ছেড়েছেন, তেমনি ওয়ানডেও আর কত দিন খেলবেন না-খেলবেন, তা ধোনির ইচ্ছার ওপরই নির্ভর করছে। মাইকেল ক্লার্কের ক্ষেত্রে তা বলার উপায় নেই। ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে আবারও হ্যামস্ট্রিংয়ের চোটের কাছে ধরাশায়ী হওয়ার পর নিজেই তাঁর ক্যারিয়ার শেষ বলে ধরে নিয়েছিলেন। অস্ত্রোপচারের পর যখন ফিরবেন-ফিরবেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে তুমুল আলোচনা—আসলেই ক্লার্কের দরকার আছে কি না!
রিকি পন্টিং তো টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে ওয়ানডে থেকে অবসর নেওয়ার পরামর্শও দিয়ে রেখেছেন ক্লার্ককে। এই বিশ্বকাপে প্রশ্নটা আগেও উঠেছে, সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনেও উঠল। ক্লার্ক সেই আগের জবাবই দিলেন, সবারই মত প্রকাশের অধিকার আছে। তবে তিনি নিজে এমন কিছু ভাবছেন না। সঙ্গে এটাও মনে করিয়ে দিলেন, দুই শরও বেশি ওয়ানডে খেলেছেন, যাতে রেকর্ড অন্য যে কারও সঙ্গে তুলনীয়।
দাবিটা অসার নয়। ৪৪.৬১ গড়ে ৮ হাজার ছুঁই-ছুঁই রান কি উড়িয়ে দেওয়ার মতো নাকি! যেভাবে ফিরে এসেছেন, সেটিও তো কম রোমাঞ্চক নয়। সমস্যা হলো, অস্ট্রেলীয় নির্বাচকদের ভাবাবেগে ভোগার দুর্নাম আগেও ছিল না, এখনো নেই। এই বিশ্বকাপের পরই তাঁরা চার বছর পরের বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করবেন। সেই ভাবনায় মাইকেল ক্লার্ক যে আসবেন না বলা বাহুল্য। বিশ্বকাপ জিতলেও ক্লার্ককে ওয়ানডে দল থেকে ছেঁটে ফেলা হতে পারে—এমন অবিশ্বাস্য সম্ভাবনার কথাও তাই ভেসে বেড়াচ্ছে বাতাসে।
অস্ট্রেলিয়ান ক্রিকেটে পন্টিং-যুগের শেষ আর ক্লার্ক-যুগের শুরুও একটি বিশ্বকাপেই। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে পরাজয়ই অধিনায়ক পন্টিংয়ের শেষ লিখে দেয়। এর কিছুদিন পর এই এসসিজিতেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাড়ম্বর অভিষেক ক্লার্কের। কালকের ডেইলি টেলিগ্রাফ-এ নিজের লেখা কলামে এসসিজি নিয়ে শৈশবের স্মৃতিচারণা করেছেন ক্লার্ক। ৭ বছর বয়সে প্রথম এই মাঠে পা পড়েছিল ‘মাইলো’র ‘হ্যাভ আ গো’ কর্মসূচির অংশ হয়ে। সেদিন থেকেই স্বপ্নের জাল বোনা শুরু। একদিন নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলবেন, তার পর অস্ট্রেলিয়ার হয়ে। সেই স্বপ্ন পূরণ হওয়ার এত দিন পরও প্রতিবার এই মাঠে পা রাখাটা যে তাঁর কাছে বিশেষ কিছু, লিখেছেন সেটিও। এত প্রিয় সেই মাঠ কি আজ শূন্য হাতে ফেরাতে পারে ক্লার্ককে?
ফেরালে সেটির জন্য কে দায়ী থাকবেন, এ ব্যাপারে অস্ট্রেলীয় শিবির মোটামুটি নিঃসংশয়। ভারতীয় ব্যাটিং লাইনআপ বিশ্বের সেরা হতে পারে, বিশ্বকাপের ৭ ম্যাচে ভারত ৭০ উইকেট নিতে পারে—তবে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ভাবছে একজনকে নিয়ে। যাঁর নাম মহেন্দ্র সিং ধোনি। আইসিসি টুর্নামেন্ট এলেই কোন জাদুর স্পর্শে ধোনি ভারতীয় দলকে বদলে দেন, এটা এখন রীতিমতো গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
২০০৭ ওয়ার্ল্ড টি-টোয়েন্টি জিতেই শুরু ধোনি-রাজ। এর পর তাঁর ক্যাপ্টেনস সিভিতে যোগ হয়েছে বিশ্বকাপ আর চ্যাম্পিয়নস ট্রফিও। অস্ট্রেলিয়া সফরে জিততে ভুলে যাওয়া ভারতীয় দল যে বিশ্বকাপে নতুন রূপে দেখা দিল, সেটির মূলেও ধোনিকেই দেখছেন মাইকেল ক্লার্ক। অ্যাডিলেডে কোয়ার্টার ফাইনাল জেতার পর সেমিফাইনাল প্রতিপক্ষ ভারত সম্পর্কে বলতে গিয়ে ক্লার্ক অকুণ্ঠ প্রশংসায় ভাসিয়েছেন ধোনিকে, ‘যেভাবে ভারত ঘুরে দাঁড়িয়েছে, এর মূলে অবশ্যই ধোনি। এর কৃতিত্ব তাকেই দিতে হবে।’
গত পরশু এই বিশ্বকাপ নিয়ে এক অনুষ্ঠানে ২০০৫ অ্যাশেজজয়ী ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন সেমিফাইনালের ভাগ্যনির্ধারক হিসেবে বারবার ধোনির কথাই টেনে আনলেন—‘ধোনি জানে কীভাবে বিশ্বকাপ জিততে হয়।’ মাইকেল ক্লার্ক এখনো তা জানেন বলে প্রমাণ নেই। তবে সেটি প্রমাণ করার সুযোগ তো এবারই প্রথম পেলেন ক্লার্ক।
আজকের ম্যাচে আরও অনেক সমীকরণ ছাপিয়ে সবচেয়ে কৌতূহল-জাগানিয়া প্রশ্ন কিন্তু এটাই: শেষ হাসিটা কার মুখে থাকবে—মহেন্দ্র সিং ধোনির না মাইকেল ক্লার্কের?
