দুই ওপেনার ছাড়াই ভারত

>১-১ সমতায় থাকা সিরিজে এগিয়ে যাওয়ার লড়াই বক্সিং ডে টেস্টে। দুই দলেই আছে উদ্বেগ। ভারতকে নামতে হচ্ছে আনকোরা ওপেনিং জুটি নিয়ে। অস্ট্রেলিয়া দলের মূল চিন্তা মেলবোর্নের অচেনা উইকেট! টেস্ট শুরু বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিট
‘বড়দিনে বাচ্চাদের কী উপহার দেব, এর চেয়ে এখন আমার বেশি চিন্তা মেলবোর্নে একজন বাড়তি বোলার খেলাব, না স্পিন ভালো খেলে এমন একজন ব্যাটসম্যান, সেটা নিয়ে।’
বলেছেন জাস্টিন ল্যাঙ্গার। কাল থেকে শুরু বক্সিং ডে টেস্টের আগে অস্ট্রেলিয়া দলের কী অবস্থা, সেটা কিছুটা বোঝা যাচ্ছে তাদের কোচের এই বক্তব্যেই। আর ল্যাঙ্গারের চিন্তা হবে নাই–বা কেন! চার টেস্টের সিরিজ দুই টেস্ট পরে ১-১ সমতায়। মেলবোর্নে যে দল জিতবে, তারা সিরিজে এগিয়ে তো যাবেই, নিশ্চিত হবে সিরিজ না হারাটাও। এমন ম্যাচে একাদশ নির্বাচন ভুল করলে বড় খেসারতই দিতে হবে।
স্বাগতিক অস্ট্রেলিয়ার যখন এই অবস্থা, ভারতও নিশ্চিন্ত থাকতে পারে না। বিরাট কোহলিদের দুশ্চিন্তা বরং একটু বেশিই। টপ অর্ডার একদমই দাঁড়াতে পারছে না ভারতের। প্রথম দুই টেস্টে লোকেশ রাহুল ও মুরালি বিজয়ের সর্বোচ্চ ওপেনিং জুটিটি ৬৩ রানের। বাকি তিনবার ৩, ৬ ও ০ রানের। সমস্যা যে শুধু এই সিরিজে হচ্ছে, তা নয়। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই চার দেশে ভারতের ওপেনিং জুটি শতরান করেছিল ৮ বছর আগে! ২০১০ সালে সেঞ্চুরিয়নে। ওই ম্যাচের পর এই চারটি দেশে ভারতের ওপেনিং জুটি খেলেছে ৬২ বার, ৫০ পেরিয়েছে মাত্র ৭ বার। গড় রান ২১.০৩, গড়ে টিকেছে ৩৯ বল! ভারতের ওপেনিং জুটিতে তাই পরিবর্তন আসছে। অভিষেকের অপেক্ষায় থাকা মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন মাত্রই দলে আসা হনুমা বিহারী।
কোচ রবি শাস্ত্রী বলছেন না, ‘টপ অর্ডারটা আমাদের জন্য বিশাল দুশ্চিন্তা। কোনো সন্দেহ নেই, ওদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে।’ দুই ওপেনার ভালো করতে না পারায় চাপটা বাড়ছে অধিনায়ক বিরাট কোহলি ও সহ–অধিনায়ক আজিঙ্কা রাহানের ওপর। কোহলি দায়িত্ব নিয়েই খেলে যাচ্ছেন। চার ইনিংসে দুটি ফিফটি করে রাহানেও চেষ্টা করছেন অধিনায়ককে সংগত দেওয়ার। তবে শুধু কোহলির দিকে তাকিয়ে থাকলে যে হবে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন, ‘অন্য ব্যাটসম্যানদেরও এগিয়ে আসতে হবে।’
এর বাইরে ভারতের সমস্যা হচ্ছে দল নির্বাচনে। পার্থ টেস্টের পরে কোহলি নিজেই স্বীকার করেছিলেন, তাঁরা উইকেট বুঝতে ভুল করেছেন। একজন স্পিনার নিলে ভালো হতো। মেলবোর্নে কী করবেন, সেটা এখনো পরিষ্কার নয়। একে তো গত বছর অ্যাশেজে এমসিজির পিচ বাজে রেটিং পাওয়ার পর এবার নতুন উইকেট বানানো হয়েছে। সেই উইকেট কেমন আচরণ করবে, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে দুই দলই। স্পিনার খেলাতে চাইলেই যে কোহলি পাচ্ছেন, ব্যাপারটা সে রকমও নয়। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা—দুজনের ফিটনেস নিয়েই সমস্যা আছে। অশ্বিন খেলতে পারছেন না। ফিটনেসে ঘাটতি নিয়েও উড়ে আসা জাদেজাকে তাই নেমে পড়তে হচ্ছে মাঠে।
একাদশ নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিধা আপাতত একটা জায়গা নিয়ে—পিটার হ্যান্ডসকম্বের জায়গায় মিচেল মার্শকে খেলাবেন কি না। হ্যান্ডসকম্ব চার ইনিংস মিলিয়ে করেছেন ৬৮ রান। কিন্তু ভারত যদি স্পিনার খেলায়, সে ক্ষেত্রে তিনি দলে থাকলে সুবিধা হতে পারে অস্ট্রেলিয়ার। স্পিন ভালো খেলেন বলে সুখ্যাতি আছে হ্যান্ডসকম্বের। অন্যদিকে মিচেল মার্শের সুবিধা হচ্ছে ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর মিডিয়াম পেসটাও কাজে লাগে। ছয়ে মার্শকে নামিয়ে সাতে অধিনায়ক টিম পেইন নামলে অস্ট্রেলিয়ার ব্যাটিংটাও একটু লম্বা হয়। সবকিছু মিলিয়ে আপাতত মার্শের দিকেই পাল্লা হেলে আছে। একাদশ ঘোষণা না হলে অবশ্য পরিষ্কার হবে সব।
ভারতের একাদশ: মায়াঙ্ক, হনুমা, পূজারা, কোহলি, রাহানে, রোহিত, ঋষভ, জাদেজা, শামি, ইশান্ত ও বুমরা
অস্ট্রেলিয়ার একাদশ: ফিঞ্চ, হ্যারিস, খাজা, শন মার্শ, হেড, মিচেল মার্শ, টিম পেইন, কামিন্স, স্টার্ক, লায়ন ও হ্যাজেলউড