দুই কর্মকর্তার ফিরে যাওয়া অশনিসংকেত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগেই এসে গেছে সব লাগেজ। সেগুলোর ঠিকানা এখন সোনারগাঁও হোটেল, বাংলাদেশ সফরে যেটি হওয়ার কথা অস্ট্রেলিয়া দলেরও ঠিকানা। কিন্তু লাগেজ এসে যাওয়া মানেই তো আর খেলোয়াড়দেরও চলে আসা নয়! বরং অস্ট্রেলিয়া দলের ম্যানেজার গ্যাভিন ডোভি ও নিরাপত্তা ব্যবস্থাপক ফ্রাঙ্ক ডিমাসির ঢাকায় এসেও দেশে ফিরে যাওয়া দিচ্ছে অশনিসংকেত।
বাংলাদেশ সফরে ২৭ সদস্যের অস্ট্রেলিয়া দলের সঙ্গী হওয়ার কথা ছিল ডোভি ও ডিমাসির। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তাঁদের আসার কথা ছিল ২৭ সেপ্টেম্বর রাতে এবং ২৮ সেপ্টেম্বর চারটি ভিন্ন ফ্লাইটে আসার কথা ছিল দলের বাকি ২৫ সদস্যের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের জন্য নিরাপত্তাপ্রধান শন ক্যারলকে জরুরি ভিত্তিতে বাংলাদেশে পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ডোভি এবং ডিমাসিও যোগ দেন তাঁর সঙ্গে। পরশু রাতে ক্যারলের সঙ্গে তাঁরাও দেশে ফিরে যাওয়াতেই শঙ্কাটা জাগছে। অস্ট্রেলিয়া দলের যদি এখনো বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা থাকে, তারা তো ঢাকাতেই অপেক্ষা করতে পারতেন! ফিরে গেলেন কেন?
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য দাবি করলেন, ডোভি-ডিমাসির ফিরে যাওয়াটা বিশেষ কোনো অর্থ বহন করে না। নতুন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া দলের সফর সূচিতে এদিক-সেদিক হতে পারে। তত দিন তাঁরা ঢাকায় বসে থাকবেন কেন! তবে বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক ওই দুই কর্মকর্তার ফিরে যাওয়ার খবরে চমকেই উঠলেন, ‘ওরা চলে গেছে! তাহলে তো আর সফরের কোনো সম্ভাবনা দেখছি না। অস্ট্রেলিয়া দল এলে তো তাদের ফিরে যাওয়ার কথা নয়।’
ক্রিকেট অস্ট্রেলিয়া সফরের ব্যাপারে কাল রাত পর্যন্তও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে অস্ট্রেলিয়ার বিভিন্ন পত্রপত্রিকা স্টিভেন স্মিথদের বাংলাদেশ সফর বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনার কথাই জোরালোভাবে বলছে। যার পেছনে তারাও যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছে ডোভি-ডিমাসির ফিরে যাওয়ার ঘটনাকে। দ্য অস্ট্রেলিয়ান লিখেছে, এটাকে সফরের ব্যাপারে অস্ট্রেলিয়ার আর না এগোনোর ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। সিডনি মর্নিং হেরাল্ড-এর শিরোনাম, অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর দু-এক দিনের মধ্যেই বাতিল হয়ে যেতে পারে। তারা লিখেছে অস্ট্রেলিয়ায় ফিরে সিএ কর্মকর্তা ও খেলোয়াড়দের বিস্তারিত জানানোর আগে ক্যারল, ডোভি ও ডিমাসি আজ কথা বলবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে।
এই সভার ওপরই নির্ভর করছে সপ্তাহ খানেক ধরে সোনারগাঁও হোটেলের মিটিং রুমে পড়ে থাকা লাগেজগুলো অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য আরও অপেক্ষা করবে, নাকি আবারও জাহাজে করে ফিরে যাবে অস্ট্রেলিয়ায়। পরিমাণ অনেক বেশি হয় বলে খরচ বাঁচাতে গত কয়েক বছর ধরেই বাংলাদেশ সফরে জাহাজে করে লাগেজ আনা-নেওয়া করছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো বড় বড় ক্রিকেট দেশগুলো। প্রতিবারের মতো এবারও তাই একটু আগে আগেই এসে পড়েছিল অস্ট্রেলিয়া দলের ক্রিকেট সরঞ্জামের প্রায় ৪০টি লাগেজ।