দুই ক্রিকেটার পুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকার-পুত্র অর্জুন lফাইল ছবি
টেন্ডুলকার-পুত্র অর্জুন lফাইল ছবি

দুজনের বাবাই বিখ্যাত ক্রিকেটার। তবে বাবার দেখানো পথে একজন হাঁটছেন খুব দ্রুত, অন্যজনের গতি কিছুটা মন্থর। বলা হচ্ছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার ও মোহাম্মদ আজহারউদ্দিনের ছেলে মোহাম্মদ আসাদউদ্দিন আব্বাসের কথা।
বাবা জীবন্ত কিংবদন্তি বলেই অর্জুনও একটু বেশি পাদপ্রদীপের আলোয়। টেন্ডুলকার-পুত্র ভালোই আভাস দিয়েছেন ‘বাপ কা বেটা’ হয়ে ওঠার। জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরুর আগে টেন্ডুলকার ১৯৮৮-৮৯ মৌসুমে স্টার ক্রিকেট ক্লাবের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। ওই সফরের পরই মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলে ডাক পেয়েছিলেন টেন্ডুলকার। বাবার পথে হেঁটেই গত বছর একবার দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়েছিলেন অর্জুন।

আজহারের ছেলে আব্বাস l ফাইল ছবি
আজহারের ছেলে আব্বাস l ফাইল ছবি

সেই সফরের পারফরম্যান্সই এবার আরেক দায়িত্ব চাপাল তাঁর কাঁধে। মুম্বাইয়ের ওয়ার্লি ক্রিকেট ক্লাবের হয়ে আজ দক্ষিণ আফ্রিকায় ১৫ দিনের সফরে যাচ্ছেন টেন্ডুলকার-তনয়। এবার শুধু খেলোয়াড় হিসেবেই নয়, দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন অর্জুন।
টেন্ডুলকার-তনয় যেমন চলার পথে সাফল্যের একটা করে ধাপ পেরিয়ে যাচ্ছেন, তেমনটা ঠিক পারছেন না আজহার-তনয় আব্বাস। একসময় হায়দরাবাদের অনূর্ধ্ব-২২ দলের সদস্য ছিলেন। কিন্তু সিনিয়র দলে কখনো ডাক পাননি। বেশ কয়েকবার কলকাতা নাইট রাইডার্সসহ অনেক আইপিএল দলে ট্রায়াল দিয়েও জায়গা মেলেনি। তবে এবার যেন ভাগ্য খুলল তাঁর। উত্তর প্রদেশের সিনিয়র ওয়ান ডে দলে ডাক পেয়েছেন। এক সপ্তাহব্যাপী ট্রায়ালের পর আসন্ন বিজয় হাজারে ট্রফির দলে তাঁকে বেছে নিয়েছেন নির্বাচকেরা। মজার ব্যাপার হচ্ছে, বাবার মতো আব্বাস কিন্তু ডানহাতি নন, বাঁহাতি৷ পিটিআই।