দুই চায়নিজ যোগ দিলেন পিএসএলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
পেশোয়ার জালমির জার্সি গায়ে ইউফি ঝ্যাং ও জিয়ান লি। ছবি: টুইটার
পেশোয়ার জালমির জার্সি গায়ে ইউফি ঝ্যাং ও জিয়ান লি। ছবি: টুইটার

• পিএসএলে নাম লিখিয়েছেন চীনের দুই ক্রিকেটার।
• পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন তাঁরা।

নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে নাম লিখিয়ে ইতিহাস গড়েছেন সন্দ্বীপ লামিচানে। ইউফি ঝ্যাং এবং জিয়ান লি একই ইতিহাস গড়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তাঁদের হাত ধরেই এ টুর্নামেন্টে দরজা খুলল চীনা ক্রিকেটারদের।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ পেশোয়ার জালমি শিবিরে যোগ দিয়েছেন ইউফি ঝ্যাং ও জিয়ান লি। ফ্র্যাঞ্চাইজি দলটির চীন প্রতিনিধি আমির সোহাইল আফ্রিদি জানান, চীনে ক্রিকেটের প্রসার ঘটাতেই এ দুই ক্রিকেটারকে দলে টানা হয়েছে। আফ্রিদির ভাষ্য, ‘প্রতিভা দেখানোর মঞ্চটা আমরা তাঁদের জন্য গড়ে দিতে চাই। আন্তর্জাতিক পরিচিতি পেতে এটা সাহায্য করবে।’

ইউফি ঝ্যাং ও জিয়ান লি চীন থেকে পিএসএলে নাম লেখানো প্রথম দুই ক্রিকেটার। আরব আমিরাতে এখন পিএসএলের তৃতীয় সংস্করণ চলছে। ২০০৪ সালে চীন আইসিসির সদস্যপদ পেলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অধীনে প্রথম ম্যাচ খেলতে পাঁচ বছর সময় লেগেছে। ক্রিকেট সেভাবে উঠে আসতে পারছে না দেশটি। গত বছর ওয়ার্ল্ড ক্রিকেট লিগে (ডব্লিউসিএল) ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর (২৮) গড়ে অলআউট হয় চীন। ম্যাচটা তাঁরা হেরে যায় ৩৯০ রানের বিশাল ব্যবধানে।