দুই ছেলের কাণ্ডে বিব্রত আলিম দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেদের জন্য বিব্রত আলিম দার। ছবি: এএফপি।
ছেলেদের জন্য বিব্রত আলিম দার। ছবি: এএফপি।

নিজের দুই সন্তানের মিথ্যাচারের কারণে বিব্রত হলেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। স্কটল্যান্ডের একটি ক্লাবে তাঁর ১৬ বছর বয়সী ছেলে হাসান ও ১৮ বছর বয়সী আলী খেলেছিলেন নিজেদের জন্মগতভাবে ‘স্কটিশ’ পরিচয় দিয়ে। ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়ায় ক্লাবটিকে অবনমনের লজ্জা মাথা পেতে নিতে হয়েছে। স্ত্রীকে নিয়ে ছেলেদের একটি ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ১০০ টেস্ট পরিচালনা করা আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার আলিম দারও।
স্কটল্যান্ডের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট (ডব্লুডিসি) ইউনিয়নের প্রথম বিভাগ লিগ থেকে এই মৌসুমে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয় কিলমারনক ক্রিকেট ক্লাবকে। অভিযোগ উঠেছে, এই কিলমারনক ক্লাবের হয়ে নিজেদের পাকিস্তানি জন্ম পরিচয় গোপন করে ‘স্কটিশ’ হয়ে খেলেছিলেন আলিম দারের দুই ছেলে।

২০১৫ মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে তাঁরা মাঠে নামেন। ব্যাপারটা জানাজানি হয়ে গেলে ডব্লুডিসি যে ম্যাচগুলোতে আলী ও হাসান খেলেছেন, সে ম্যাচগুলোতে কিলমারনকের পাওয়া পয়েন্ট কেটে নেয়। মোট ৪৯ পয়েন্ট কাটা পড়ায় কিলমারনককে নেমে যেতে হচ্ছে দ্বিতীয় বিভাগ লিগে।

লাহোরে জন্ম নেওয়া আলিম দারের দুই ছেলে যে নিজেদের জন্ম পরিচয় গোপন করে স্কটল্যান্ডে লিগ খেলছেন, সেটা নাকি জানতেন না আম্পায়ার আলিম দার। স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ছেলেদের যে খেলাটি দেখতে স্কটল্যান্ড গিয়েছিলেন, সেটা যে প্রথম বিভাগ লিগের খেলা, তা-ও নাকি জানতেন না তিনি। ইএসপিএন ক্রিকইনফোকে আলিম বলেছেন, ‘আমি জানতাম খেলাটা একটি প্রীতি ম্যাচ। ওটাতে আমার ছেলেরা যে ভিন্ন নামে খেলছে, সেটা
আমি জানতাম না।’

ছেলেদের জন্ম পরিচয় গোপন করার বিষয়টাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবেই অভিহিত করেছেন আলিম দার, ‘আমার দুই ছেলের বয়স খুবই কম। নিজেদের পরিচয় গোপন করার ব্যাপারটি তাদের মাথায় আসার কথা না। নিশ্চয়ই কোথাও কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। ওরা দুজনেই পাকিস্তানি পাসপোর্টধারী এবং পাকিস্তানি হিসেবে ওরা গর্বিত।’

নিজের দুই ছেলের মিথ্যাচারে কিলমারনক ক্লাবের অবনমিত হওয়ার ব্যাপারটি সম্পর্কে আলিম দারের বক্তব্য, ‘ক্লাবটির উচিত ছিল সবকিছু ঠিকমতো খোঁজ নেওয়া। আমার এক ছেলের বয়স ১৬ আরেক ছেলের বয়স ১৮, এরা অনেক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে। ওয়েস্টার্ন ইউনিয়ন ক্রিকেটে এই দুজন তো একেবারেই অপরিচিত মুখ নয়।’ সূত্র: ক্রিকইনফো।