দুই দলকেই সমতায় দেখেন মঈন

মঈন আলীর কথা শুনে অবাকই হতে হলো। দিনের শেষে ব্যাট হাতে মাঠ ছাড়লেও সংবাদ সম্মেলনে এসেছিলেন নিজের বোলিং পরিচয় নিয়ে। দৃশ্যত নির্বিষ স্পিনেই বাংলাদেশের ইনিংসকে মুড়ে দিয়েছেন। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পেয়েছেন ৫ উইকেট। ৫ উইকেট পেয়ে খুশি কি না—এই প্রশ্নে মঈনের উত্তর, ‘অবশ্যই, তবে কিছু মেডেন করতে পেরেছি এতেই আমি বেশি আনন্দিত!’
চমক অবশ্য দিনের মধ্যভাগ থেকেই দিচ্ছেন। ১ উইকেটে ১৭১ রানে বাংলাদেশ রীতিমতো উড়ছিল। সেখান থেকেই যে স্বাগতিকেরা ২২০ রানেই অলআউট, তাতে মঈনের অফ স্পিনেরই সবচেয়ে বড় অবদান। দিনের সেরা দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুমিনুল হক দুজনকেই আউট করেছেন বিভ্রান্ত করে। প্রথমজন বলের লাইন বুঝতে পারেননি, পরেরজন লেংথ। এই জোড়া ধাক্কাটা বাংলাদেশ যাতে সামলে উঠতে না পারে সেটাও নিশ্চিত করেছেন মুশফিকুর রহিমকে ফিরিয়ে দিয়ে।
কিন্তু কী এমন হলো যে একটু আগেও যে পিচ ব্যাটিং-স্বর্গ মনে হচ্ছিল, সেটাই অমন নরকে পরিণত হলো! পিচ বদলায়নি, মঈন বললেন, আসলে শুধরে নিতে পেরেছিলেন নিজেদের বোলিং, ‘পিচে কোনো পরিবর্তন হয়নি। আমরা প্রথম সেশনে ভালো বল করিনি। পরে স্টোকস নিয়ন্ত্রিত বোলিং করল, আমিও অন্য প্রান্তে লাইন-লেংথ নিয়ন্ত্রণ করতে লাগলাম। এতেই কাজ হয়েছে।’
প্রথমে মঈন, পরে বাংলাদেশের স্পিনাররাও ৩ উইকেট তুলে নিয়ে উইকেটের চরিত্রটা কেমন সেটি বুঝিয়ে দিয়েছেন। তবে ইংল্যান্ডের বাকি দুই স্পিনার সে তুলনায় দলের আশা পূরণ করতে পারেননি। মঈন অবশ্য দুই সতীর্থকে আগলে রাখলেন অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে, ‘স্পিনার হিসেবে আমার আসলে অত সাফল্য নেই। তবে আমি যে পেসে বল করি সেটা আমাকে ভালো ব্যাটিংয়ের বিপক্ষে সাহায্য করে। জাফরের এটা প্রথম ম্যাচ, আর আদিলও মাত্র পঞ্চম ম্যাচ খেলছে। আমি নিজেও যে রকম স্পিনার হতে চাই তার ধারেকাছেও যেতে পারিনি। কিন্তু ৩০ ম্যাচের অভিজ্ঞতা আমাকে সাহায্য করেছে।’
তবে মঈনের এমন বোলিংয়ের পরও দিন শেষে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। ৫০ রানেই ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। তাই প্রথম দিনেই ব্যাটিংয়ে নামতে হয়েছে মঈনকে। ইংলিশ অলরাউন্ডারের চোখে প্রথম দিনটি তাই শেষ হয়েছে সমানে সমান, ‘আবারও একটা ভালো ম্যাচ হচ্ছে। অবশ্যই ৩ উইকেট হারিয়ে আমরা একটু বিপদে, কিন্তু আমরা খুশি ১৭১ রানে ১ উইকেট থেকে ২২০ রানে ওদের অলআউট করেছি। একটা ভালো দিন গেছে। ম্যাচে এখন দুই দলই সমতায়।’
দুদলই সমান সমান, তবে এগিয়ে যাওয়ার পথটাও মঈনের জানা, ‘কাল (আজ) দুটি ভালো জুটি হলেই হবে। ওদের রান পার করলে কিংবা কাছাকাছি করতে পারলেই ম্যাচে এগিয়ে যাব আমরা।’