দুই দলে একই সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
হিথ স্ট্রিক
হিথ স্ট্রিক
আমরা এটাকে শুধু অনুশীলনের উপলক্ষ হিসেবে দেখছি না। আমরা জিততে চাই এবং জয়ের সংস্কৃতি ধরে রাখতে চাই —হিথ স্ট্রিক

প্রস্তুতির সুযোগ আসলে দুই দলের জন্যই। বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া সিরিজ, ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা। তার আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের এই সিরিজটা দুই দেশের ক্রিকেটারদের জন্যই নিজেদের ঝালিয়ে নেওয়ার ভালো সুযোগ। তবে বাংলাদেশ যে শুধু নিজেদের ঘষামাজা করতে নয়, জিততেও যাচ্ছে—সেটা দেশ ছাড়ার আগেই বলে গেছেন ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক। ভারতে যাওয়ার পর ‘এ’ দলের কোচ হিথ স্ট্রিকের কণ্ঠেও সেটিরই প্রতিধ্বনি। বেঙ্গালুরুতে আজ থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ের মন্ত্রেই উজ্জীবিত বাংলাদেশ ‘এ’ দল।
ভিসা জটিলতায় গত রোববার দলের সঙ্গে ভারতে যেতে পারেননি কোচ স্ট্রিক ও ফিজিও ব্রেট হর্প, তাঁরা দুজন গেছেন পরশু রাতে। সিরিজের প্রথম ম্যাচটা সামনে রেখে গতকাল বেঙ্গালুরুতে সাংবাদিকদের স্ট্রিক বলেছেন, ‘বাংলাদেশের অগ্রগতির ধারাবাহিকতা রাখতে এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এটাকে শুধু অনুশীলনের উপলক্ষ হিসেবে দেখছি না। আমরা জিততে চাই এবং জয়ের সংস্কৃতি ধরে রাখতে চাই।’
এ সিরিজে সাফল্য যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য আত্মবিশ্বাসের জ্বালানি ভরে নেওয়ার সুযোগ, সেটাও বললেন স্ট্রিক, ‘সব ধরনের ক্রিকেটে আমাদের চলমান শেখার ধারায় এ সফর একটা গুরুত্বপূর্ণ ধাপ। সবাই জানে, দেশের মাটিতে বাংলাদেশকে হারানো খুব কঠিন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও পরিস্থিতি বদলাবে না।’
সিরিজটাকে শুধু প্রস্তুতির সুযোগ হিসেবে নিচ্ছে না ভারতীয় দলও। সর্বশেষ বাংলাদেশ সফরে ধোনির ভারত মাশরাফিদের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে ফিরেছে। সেটির রেশ যেন ছড়িয়ে পড়ছে এই সিরিজেও। এক দিনের সিরিজে ভারত ‘এ’ দলের সবচেয়ে বড় তারকা সুরেশ রায়নার কথাতেও সেটির ছাপ। বাংলাদেশের বিপক্ষে ওই সিরিজের তিনটি ওয়ানডেতেই খেলেছেন রায়না। শেষ ম্যাচে দলকে জিতিয়ে হয়েছিলেন ম্যাচসেরাও। সেটি ছিল শুধুই সান্ত্বনা, কারণ সিরিজ তো আগেই জিতে গিয়েছিল বাংলাদেশ।