দুই দলের জন্যই সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বলতে যা বোঝায় সেটা হয়তো নয়। আজ হারলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে না মোটেই। কিন্তু শ্রীলঙ্কা-ইংল্যান্ড দুই দলের জন্যই আজকের ম্যাচটা আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার বড় উপলক্ষ। ইংল্যান্ড এখনো কোনো টেস্ট দলের সঙ্গে জয় পায়নি, নিউজিল্যান্ডের কাছে হারের পর শ্রীলঙ্কা হারিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানকে। প্রায় একই সমতলে দাঁড়িয়ে থাকা দুই দেশ আজ জিতলে শেষ আটের দিকে এগিয়ে যাবে অনেকটাই।
ইতিহাস অবশ্য ইংল্যান্ডকে অশনিসংকেতই দেয়। ১৯৯২ বিশ্বকাপে ফাইনালে ওঠার পর শীর্ষ আট দলের সঙ্গে মাত্র চারটি ম্যাচ জিতেছিল ইংলিশরা। শ্রীলঙ্কার সঙ্গে সাম্প্রতিক রেকর্ডটাও খুব আশাপ্রদ নয়, গত বছর সিরিজ হারতে হয়েছে ঘরে-বাইরে। ইংলিশ পেসার ক্রিস ওকস জানেন, আজকের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ, ‘বড় দলগুলোর সঙ্গে আমাদের ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যেই দুটি ম্যাচ আমরা হেরেছি। এই ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা খুব ভালো একটা দল, আমাদের নিজেদের সেরাটাই খেলতে হবে। আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে চাই, আর সেখানে আপনাকে বড় দলগুলোকে হারাতেই হবে।’
ইংল্যান্ডের সাম্প্রতিক দুর্দশা শ্রীলঙ্কাকে খানিকটা আশা দেয় বৈকি। তবে শ্রীলঙ্কা কোচ মারভান আতাপাত্তু মনে করিয়ে দিচ্ছেন, ‘তাদের বোলিং আক্রমণ অসাধারণ। ওদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। গত কিছুদিনে ওদের সবকিছু ঠিকঠাক যায়নি, এটা ঠিক। তবে এটাও মনে রাখতে হবে, অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে কিন্তু ওরা ফাইনালে খেলেছে। এটা ইতিবাচক একটা দিক।’
প্রথম ম্যাচে হারলেও গত দুই ম্যাচ থেকে শ্রীলঙ্কা অনেক প্রাপ্তি খুঁজতেই পারে। টপ অর্ডারের তিন ভরসা সেঞ্চুরি পেয়েছেন, বোলাররাও নিজেদের কাজটা ঠিকঠাক করছেন। তার পরও আত্তাপাত্তু পা মাটিতেই রাখছেন, ‘এখন আমাদের অতি আত্মবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে।’
টানা ম্যাচ খেলার ধকল অবশ্য শ্রীলঙ্কাকে খানিকটা কাবু করেছে, আট দিনের মধ্যে এটি সাঙ্গাকারাদের তৃতীয় ম্যাচ। তার ওপর ভ্রমণ-ধকলও কম যায়নি, নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া ঘুরে আবার ফিরে আসতে হয়েছে নিউজিল্যান্ডে। এর প্রভাব কতটা পড়েছে সেটি হয়তো জেনে গেছেন অনেকটাই। ম্যাচটি যে শুরু হয়েছে বাংলাদেশ সময় ভোর চারটায়। এএফপি।