ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে পাঁচ ম্যাচে হারিয়েই অ্যাশেজ জয়। মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া সেই জয়ের ধারাটা বয়ে নিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকাতেও। গত বছর ইংল্যান্ডে অ্যাশেজ হারের পর থেকে উড়তে থাকা সেই অস্ট্রেলিয়া হেরে গেছে দুবাইয়ের প্রথম টেস্টে। পাকিস্তানের অনভিজ্ঞ স্পিন আক্রমণের বিপক্ষে বিধ্বস্ত হওয়া অস্ট্রেলিয়া এখন দাঁড়িয়ে সিরিজ পরাজয়ের মুখে। আজ শুরু হওয়া আবুধাবি টেস্টে শুধু হার এড়ালেই চলছে না ক্লার্কদের, সিরিজ বাঁচাতে জিততেই হবে তাদের। না হলে, সাফল্যমোড়া একটি বছর কাটানোর পর আবার মাটিতে নেমে আসতে হবে অস্ট্রেলিয়াকে। দুই দশক পর টেস্ট সিরিজ হারতে হবে পাকিস্তানের কাছে।
অস্ট্রেলীয় অধিনায়কের বিশ্বাস, তাঁর দল আবুধাবিতে ঘুরে দাঁড়াবেই। গত দক্ষিণ আফ্রিকা সফরটিকেই উদাহরণ হিসেবে টেনেছেন ক্লার্ক, ‘কোনো সন্দেহ নেই, দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্টে হেরে আমরা হতাশ হয়েছিলাম। তবে এর পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম, গুরুত্বপূর্ণ সেটাই। আমি মনে করি, এই টেস্টটাও ঠিক ওটির মতোই। হেরে যাওয়া ম্যাচটা নিয়ে পড়ে থাকার কোনো মানে হয় না। অধিনায়ক হওয়ার পর থেকেই যেটা বলে আসছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই ম্যাচ থেকে কী শিখলাম। কেউ জিতবে, কেউ হারবে, এটাই তো খেলাধুলা।’
অস্ট্রেলিয়াকে চেনেন বলেই দলের খেলোয়াড়দের সতর্ক করে দিলেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিস, ‘দ্বিতীয় টেস্টটা কঠিন হবে। আমরা সবাই জানি, অস্ট্রেলিয়া নিজেদের ক্রিকেট নিয়ে সব সময়ই ইতিবাচক। আমি নিশ্চিত, ওরা ঘুরে দাঁড়াবে। আমাদের এ জন্য প্রস্তুত থাকতে হবে।’
শুধু ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ই নয়, পাকিস্তানের অনুপ্রেরণা হতে পারে টেস্ট র্যাঙ্কিংয়ের তিনে ওঠার হাতছানিও। আবুধাবিতেও জিতলে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতকে টপকে তিনে উঠে আসবে মিসবাহরা। ষষ্ঠ স্থানে থেকে সিরিজ শুরু করা দলটির জন্য বড় একটা লাফই হবে সেটা। এই টেস্ট ড্র করে ১-০-তে সিরিজ জিতলে চারে উঠবে পাকিস্তান, হেরে গিয়ে সিরিজ ড্র করলে পাঁচে। ওয়াকার শীর্ষ তিনে ওঠার সম্ভাবনা সম্পর্কে বলেছেন, ‘সেরা তিনে ওঠাটা বিশাল এক ব্যাপার। তবে তিনে ওঠা ছাড়াও আমার কাছে ধারাবাহিকতাটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো সব সময়ই অননুমেয়। এই উঠলাম তো এই নামলাম। আমাদের দরকার ধারাবাহিক ভালো পারফরম্যান্স।’
সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আবুধাবিতে শুকনো খটখটে উইকেটই পাচ্ছে পাকিস্তান। যদিও ধারণা করা হচ্ছে, দুবাইয়ের মতো অতটা ঘুরবে না বল। এ ছাড়া সময় গড়ানোর সঙ্গে অসমান বাউন্সও হতে পারে। এএফপি, ক্রিকইনফো।