দুই দিন আর এক সেশনেই অস্ট্রেলিয়ার খেল খতম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাবট আবারও উল্লাসে মাতলেন। মাতালেন দলকে। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
অ্যাবট আবারও উল্লাসে মাতলেন। মাতালেন দলকে। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

টিভি খুলতে একটু দেরি করে ফেললে একটা বলও হয়তো দেখার সৌভাগ্য হয়নি আপনার। হোবার্ট টেস্টে আজ লাঞ্চের আগেই যে অস্ট্রেলিয়ার ৮ উইকেট খেয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আজ চতুর্থ দিন। তবে দ্বিতীয় দিনটা পুরো বৃষ্টিতে ভেসে গেছে। কার্যত অস্ট্রেলিয়াকে হারাতে মাত্র দুই দিন আর একটি সেশনই লাগল দক্ষিণ আফ্রিকার। 

২ উইকেটে ১২৯ রান থেকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে গেল মাত্র ১৬১ রানে। ইনিংস ও ৮০ রানে ম্যাচের পাশাপাশি সিরিজটাও জিতে নিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া ক্রিকেট তার সোনালি দিন হারিয়ে নানা উত্থান-পতনের ভেতর দিয়ে হেঁটেছে। কিন্তু এতটা অসহায়, এতটা বিবর্ণ, এতটা হাল ছেড়ে দেওয়া দল তাদের দেখায়নি কখনো!
আগের দিন উসমান খাজার ব্যাটে যে প্রতিরোধের সূচনা হয়েছিল, আজ তা থেমে গেল আর ৮ রান যোগ করে। খাজার ৬৪, এরপর আরেক অপরাজিত ব্যাটসম্যান স্টিভ স্মিথও থামলেন ৩১ করে। এরপর আর কোথাও কেউ নেই! ২০ ওভারেরও কম সময়ে মাত্র ৩২ রান তুলতেই শেষ ৮ উইকেটের পতন!
স্যালুট ঠুকতে হবে কাইল অ্যাবটকে। স্যালুট ঠুকতে হবে কাগিগো রাবাদাকে। এই দুজনই অস্ট্রেলিয়াকে একেবারে ধ্বংস করে দিলেন। ৭৭ রানে ৬ উইকেট অ্যাবটের। আর তরুণ রাবাদা মাত্র ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট।
দলের সেরা বোলার ডেল স্টেইনের ছিটকে যাওয়া টেরই পেল না দক্ষিণ আফ্রিকা। আর এই দলটা যে তাদের নিয়মিত অধিনায়ক আর সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে ছাড়াই সফর করতে এসেছে, এও তো এত দিনে যেন ভুলে গেছে সবাই।
সর্বশেষ ৫ টেস্ট ও ৫ ওয়ানডের প্রতিটাতে হেরেই এখন সিরিজের শেষ টেস্টে মান বাঁচাতে লড়বে অস্ট্রেলিয়া। অবশ্য তাদের খুব সামান্যই সম্মান আর অবশিষ্ট আছে। এই অস্ট্রেলিয়াকে দেখে তার ঘোরতর নিন্দুকেরও নিশ্চয়ই মমতা হবে। হায় অস্ট্রেলিয়া, এ কোন অস্ট্রেলিয়া!
অ্যাডিলেডের ডে-নাইট টেস্ট শুরুর এখনো ৯ দিন বাকি। কিন্তু এই অস্ট্রেলিয়ার ক্রিকেটে এখন যে 'ডে' নেই, শুধুই রাতের আঁধার!