দুই দিন পিছিয়ে গেল প্রিমিয়ার ক্রিকেট লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবল বৃষ্টিতে আজ সকালে বিকেএসপির মাঠের অবস্থা
ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে প্রিমিয়ার ক্রিকেট লিগে আজ সকালের তিনটি ম্যাচের কোনোটিই হতে পারেনি। হবে না বিকেলের ম্যাচগুলোও। দুই দিন পিছিয়ে লিগের খেলা আবার ৩ জুন থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম।

সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই খেলাগুলো হবে তৃতীয় রাউন্ডের খেলার দিন (৩ জুন)। প্রতিটি রাউন্ডের খেলা এক দিন করে পেছাচ্ছে। অর্থাৎ, তৃতীয় রাউন্ডের খেলার জায়গায় হবে দ্বিতীয় রাউন্ড, আর চতুর্থ রাউন্ডের জায়গায় তৃতীয় রাউন্ড।’

আজ সকালের প্রবল বৃষ্টির পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
ছবি: প্রথম আলো

আজ সকাল নয়টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর-খেলাঘর, বিকেএসপির ৩ নম্বর মাঠে লেজেন্ডস অব রূপগঞ্জ-ব্রাদার্স ইউনিয়ন ও বিকেএসপির ৪ নম্বর মাঠে আবাহনী-ওল্ড ডিওএইচএসের খেলা কথা ছিল। এ ছাড়া বেলা দেড়টায় মিরপুরে শেখ জামাল ও গাজী গ্রুপ ক্রিকেটারস, বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ও শাইনপুকুর, বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান-পারটেক্সের ম্যাচ ছিল। ছয় দলই ম্যাচ খেলতে মাঠে গিয়েছিল। নিয়ম অনুযায়ী দল মাঠে গেলে এবং পরে ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হওয়ার কথা। কিন্তু তা না করে সব খেলাই স্থগিত করে সিসিডিএম। সিসিডিএমের এই সিদ্ধান্ত আগে জানলে খেলোয়াড় ও কর্মকর্তারা হয়তো মাঠে যাওয়ারই দরকার পড়ত না।

এমন অবস্থায় সারাদিন চেষ্টা করেও খেলা আয়োজন সম্ভব নয়, বলছে সিসিডিএম
ছবি: সংগৃহীত

এ ব্যাপারে আলী হোসেনের বক্তব্য, ‘আমরা দলগুলো মাঠে যাওয়ার আগেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছি। বৃষ্টি তো রাত তিনটা থেকেই হচ্ছে। ভোরবেলায় দেখছি, মাঠে রীতিমতো হাঁটুপানি। এখানে যতই চেষ্টা করা হোক, সারা দিনও খেলা হওয়ার সম্ভাবনা ছিল না। এই জন্য আগেই জানিয়ে দিয়েছি। যেহেতু ১২টা দলই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাউকেও যেহেতু বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই, এই জন্য এই সিদ্ধান্ত নেওয়া।’