দুই দিনে দুই হার সাকিবদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) যুক্তরাষ্ট্র পর্বটা ভালো কাটল না সাকিব আল হাসান ও জ্যামাইকা তালওয়াসের। ফ্লোরিডার লডারহিলে সেন্ট লুসিয়া জুকসের কাছে দুই দিনে দুবার হেরে পয়েন্ট তালিকার শীর্ষস্থান খুইয়ে প্রথম পর্ব শেষ করেছে জ্যামাইকা। প্রথম ম্যাচে রানের খাতা খুলতে না পারা সাকিব পরশু দ্বিতীয় ম্যাচে ৯ বলে করেছেন অপরাজিত ৯ রান। বোলিংয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি বাংলাদেশের অলরাউন্ডার।
প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৪ রান করে সেন্ট লুসিয়া। ঝোড়ো ফিফটি করেছেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার (৫৪ বলে ৭০) ও জনসন চার্লস (৩৫ বলে ৬৪)। এ ছাড়া ৫ ছক্কায় মাত্র ১৭ বলেই ৪২ করেছেন শেন ওয়াটসন। জ্যামাইকা থেমেছে ৬ উইকেটে ১৭৭ রান তুলে। সাকিব উইকেটে আসেন ১৭তম ওভারে ১৪৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর। ২১ বলে ৪৯ রানের সমীকরণটা মেলাতে পারেননি সাকিব।
পয়েন্ট তালিকার দুইয়ে থেকে প্রথম পর্ব শেষ করা সাকিবের দল আগামীকাল প্রথম প্লে-অফে খেলবে শীর্ষ দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে। এই ম্যাচটা হেরে গেলেও ফাইনালে ওঠার আরেকটা সুযোগ পাবে জ্যামাইকা।